অতীত ভুলে নতুন প্রেমে তারা-বীর পাহাড়িয়া!
ছবি: সংগৃহীত
০১:১৮ পিএম | ২৫ জুলাই, ২০২৫
একটা সময় বলিউডে কান পাতলেই শোনা যেত তারা সুতারিয়া ও আদার জৈনের প্রেমের গল্প। তবে সে প্রেম শেষ হয়েছিল কষ্ট আর অপমানে। আদার যখন আলেখা আডবাণীকে বিয়ে করেন, বিয়ের আগে চার বছরের ‘টাইমপাস’-এর কথা বলে দেন প্রকাশ্যে! বলিউড জানে, ওই চার বছর তিনি সম্পর্কে ছিলেন তারার সঙ্গে। আর সেই মন্তব্য মানসিকভাবে ভেঙে দেয় অভিনেত্রীকে। তারার মা-ও সেই সময় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংবাদমাধ্যমে।
কিন্তু সময় সব ক্ষত সারিয়ে নেয়। আর সেই প্রমাণ যেন মিলল বৃহস্পতিবার মার্জার সরণিতে। যেখানে গ্ল্যামারাস সাদা গাউনে হাঁটতে হাঁটতে তারার চোখ ছিল শুধু এক দিকেই- দর্শকাসনে বসা বীর পাহাড়িয়ার দিকে। শুধু তাই নয়, হাঁটার মাঝেই তিনি প্রেমিকের উদ্দেশে ছুড়ে দেন এক উড়ন্ত চুমু! মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্য।

দর্শকদের দাবি, পুরো সময়টা জুড়েই ছিল চোখে চোখে খেলা। বীরও চোখ সরাননি একবারের জন্য। অনুষ্ঠানের শেষে, মঞ্চ ছাড়ার সময়ও তারা ঘাড় ফিরিয়ে দেখেন প্রেমিককে। বলিউড বলছে, প্রেমে হাবুডুবু খাচ্ছেন দু’জনেই।
গত কয়েক মাস ধরেই বীর-তারার প্রেম নিয়ে চলছে গুঞ্জন। কখনো মার্জার সরণিতে একসঙ্গে হাঁটা, কখনো আবার মুম্বইয়ের নামি রেস্তোরাঁয় ডেট নাইট, কিংবা ছুটি কাটাতে ইটালিতে- সব মিলিয়ে দুই তারকার প্রেম যেন জমে উঠেছে।
তবে বলিউড বলছে, নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখলেও একটাই প্রশ্ন থেকে যাচ্ছে- এই সম্পর্ক আদৌ টিকবে তো? আবার যেন ‘টাইমপাস’-এর কাহিনি না হয়!
কেএন/এসএন