© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ মুজিবের স্মরণে টাকা দিয়ে পোস্ট করিয়েছেন শাওন! যা বললেন সংশ্লিষ্ট তারকারা

শেয়ার করুন:
শেখ মুজিবের স্মরণে টাকা দিয়ে পোস্ট করিয়েছেন শাওন! যা বললেন সংশ্লিষ্ট তারকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ পিএম | ১৬ আগস্ট, ২০২৫
গতকাল ১৫ আগস্ট ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে তাকেসহ তার পরিবারের বেশকিছু সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।

শেখ হাসিনার আমলে বাবা ও পরিবারের মানুষদের হারানোর দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন তিনি। বিগত ১৬ বছর দিনটি পালিত হত আড়ম্বরের সঙ্গে। কিন্তু গত বছর জুলাই আন্দোলনের ফলে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ১৫ আগস্টের শোক দিবসের ছুটি বাতিল করা হয়।

এমনকি এইদিনে কোন আয়োজন করা যাবে না বলেও নিষেধাজ্ঞা আসে। এ বছরও একই আদেশ বহাল ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গতকাল দেখা যায় এক অন্যরকম চিত্র। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রিয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।



ফেসবুক সয়লাব হয়ে যায় বঙ্গবন্ধুকে নিয়ে অজস্র পোস্টে। পিছিয়ে ছিলেন না দেশের শোবিজ তারকারাও। শতাধিক তারকা ফেসসুকে বঙ্গবন্ধু বন্দনা করেছেন। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান থেকে শুরু করে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান- কেউই বাদ পড়েননি সেই তালিকা থেকে।

কিন্তু সন্ধ্যা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় একটি স্ত্রিনশট ঘুরতে থাকে। বঙ্গবন্ধুকে নিয়ে যে স্বতঃস্ফূর্তভাবে সবাই ফেসবুকে লেখালেখি করছেন, তার জয়গান করছেন, তার কৃতিত্বকে স্মরণ করছেন তা মানতে পারেনি একটি গোষ্টী। মূলত তাদেরই কেউ বা কারা এই স্ক্রিনশটটি ফেসবুকে ছড়িয়ে দেয়।



তাতে দেখা যায়, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী সুপরিচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন ২০ হাজার করে টাকার বিনিময়ে এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, জাহের আলভী, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও নির্মাতা সুমন আনোয়ারকে দিয়ে বঙ্গবন্ধুর উপর পোস্ট করিয়েছেন।

মীর মোরসালিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই স্ক্রিনশটটি ছড়ানো হয়। তাতে সংযুক্ত করা হয় শাওনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ১৫ আগস্ট তারিখে উপরুক্ত তারকাদের নামে ২০ হাজার করে টাকা পাঠানোর একটি স্টেটমেন্ট!

বিষয়টি নজর এড়ায়নি সংশ্লিষ্ট তারকাদেরও। মেহের আফরোজ শাওন ঠাট্টার ছলে লিখেছেন, ‘যারা পাও নাই/পান নাই, তারা খায়রুল বাসার, সুমন আনোয়ার, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদার সঙ্গে যোগাযোগ কর/করেন। ধন্যবাদ’



সুনেরাহ বিনতে কামাল শুরুতেই স্পষ্ট করেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে। স্ক্রিনশটটি শেয়ার করে তিনি লেখেন, ‘এই অ্যাকাউন্টটি ভুয়া খবর ছড়াচ্ছে। এডিটটাও ভালো হয়নি। একতো শুক্রবারে নাকি স্টেটমেন্ট দিসে ব্যাংক। তার মধ্যে বাজে সম্পাদনা হাহা। অন্তত আমাদের পারিশ্রমিকটা তো জেনে নিত। আমার বিবিএল-এ একাউন্টও নেই।’

মুমতাহিনা চৌধুরী টয়া লেখেন, ‘যে বলদ এটা বানিয়েছে সে একটা ফকিন্নি। তাই তার চিন্তাও ফকিন্নির মতো। শোন বলদ, এতো কম টাকা নিয়ে কেউ পোস্টে লাইকও দেয় না। এডিট টাও ঠিকমতো করল না, গাঁধা!’

শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আফসোস! একটু আইডিয়া নিয়ে এডিট করতে পারলেও কথা ছিল। তাই বলে এতো কম টাকা! তবে এই লোকের উদ্দেশ্য ছিল একটু ভাইরাল হওয়া এবং সেটা মনে হয় পারছে অ্যাটলিস্ট।’

কেএন/টিএ

মন্তব্য করুন