© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুর মেডিকেলের অর্থ আত্মসাৎ মামলা: গ্রেপ্তার ১

শেয়ার করুন:
রংপুর মেডিকেলের অর্থ আত্মসাৎ মামলা: গ্রেপ্তার ১
own-reporter
০৬:৪১ পিএম | ১৩ অক্টোবর, ২০১৯

রংপুর মেডিকেল কলেজে (রমেক) যন্ত্রপাতি কেনার নামে চার কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ কামরুল আহসান। তিনি বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাইদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে।

দুদক জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সৈয়দ কামরুল আহসান এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক জানিয়েছে, রমেকে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত ১২ সেপ্টেম্বর রংপুর দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। মামলায় কলেজটির অধ্যক্ষসহ ছয়জনকে আসামি করা হয়। মামলায় আসামি করা হয় রমেক অধ্যক্ষ মো. নূর ইসলাম, রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, বেঙ্গল সায়েন্টিফিকের মালিকের বাবা আব্দুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি ও ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মালিক আসাদুর রহমান।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন