© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লক্ষ্মীপুরে হত্যায় দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে হত্যায় দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন
district-correspondent
০৩:১৯ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২০

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৩৫), একই ইউনিয়নের পিতারকান্দি গ্রামের আবদুর রহমান (৩৮) ও মো. জয়নাল (৪০)।

আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই গ্রামের মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।

নিহত আবদুল মান্নান ভূঁইয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে মান্নানকে গলা কেটে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। চার দিন পর মান্নানের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।

২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে আটজনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত বলে আদালতে প্রমাণিত হয়।

মামলায় বাদী পক্ষে ছিলেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী এ কে এম হুমায়ুন কবির।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন