ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম : ধানক্ষেতে প্রেমিকের লাশ উদ্ধার
ঝিনাইদহে ধানক্ষেত থেকে আলআমিন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলআমিন জেলার হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের কারিগর পাড়ার শফিউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হরিণাকুন্ডু উপজেলার আন্দুলিয়া গ্রামের গাজারিয়া-দোহার বিলের ধানক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশের একটি সূত্র জানিয়েছে, উপজেলার আন্দুলিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী সঙ্গে আলআমিনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল। প্রেমের সম্পর্কের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসী। এঘটনায় প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, গত বুধবার থেকে নিখোঁজ ছিল আলআমিন। নিখোঁজের বিষয়টি আলআমিনের স্বজনরা বুধবার রাতেই পুলিশকে অবহিত করে। কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি। পরে স্থানীয়দের খবর পেয়ে ধানক্ষেত থেকে আলআমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
হরিনাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা বলেন, বিলের মধ্যে ধানক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহাল রিপোর্টে মরদেহের শরীরে কোনো আঘাতের কথা উল্লেখ করা হয়নি।
টাইমস/এসএন