© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: কাদের

শেয়ার করুন:
শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: কাদের
central-desk
০৫:১৮ পিএম | ১৩ নভেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ঘোষণা হবে আগামী সপ্তাহে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমরা বেশিরভাগ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ইতোমধ্যে ঘোষণা করেছি। বাকিগুলো দু-একদিনের মধ্যে ঘোষণা করা হবে। উপনির্বাচন থাকার কারণে কমিটি ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণের কারণে তৃণমূলের সম্মেলন বিলম্ব হয়েছে। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন প্রক্রিয়া শুরু করেছি। আগামীকাল রাজশাহীর বাগমারায় সম্মেলন হবে। আমি ঢাকায় থেকে সেখানে যুক্ত থাকব। পর্যায়ক্রমে আমরা তৃণমূলের অন্যান্য সম্মেলন করে ফেলব।

এ সময় বিএনপিকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা। ওবায়দুল কাদের বলেন, গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরতে পারেনি। তাদের কৌশল নির্বাচনকে বিতর্কিত করা। বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারবে না। এ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে পুরনো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। আগে যারা আগুন সন্ত্রাস চালাতো তারাই আবার আগুন সন্ত্রাস চালাচ্ছে।

ঢাকায় ভোটার উপস্থিতি আশানুরূপ হয়নি মন্তব্য করে তিনি বলেন, করোনা ভীতির কারণে ঢাকা সিটিতে ভোটার উপস্থিতি কম। তবে সিরাজগঞ্জে ৫১ শতাংশ ভোট পড়েছে।

মূলত নির্বাচন পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর সশরীরে কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও সম্মেলন স্থলে উপস্থিত ছিলেন।


টাইমস/এনজে

মন্তব্য করুন