নুসরাত হত্যায় আসামি জাবেদ চট্টগ্রামে গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আরেক আসামি জাবেদ আহম্মদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জাবেদ আহম্মদ সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের রহমত উল্যার ছেলে।
বৃহস্পতিবার রাতে জাবেদ আহম্মদকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে পরে জানানো হবে।
নুসরাতের ভাই নোমানের করা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন জাবেদ। এছাড়া শুক্রবার সকালে ময়মনসিংয়ের ভালুকা থেকে এ মামলার অন্যতম আসামি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলা সাত দিনের রিমান্ডে আছেন। এ ছাড়া ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন এবং নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম, নুর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, নুসরাতের সহপাঠী ও মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ভাগ্নি উম্মে সুলতানা পপি ও আরেক মাদ্রাসা শিক্ষার্থী জোবায়ের আহমেদ পাঁচ দিনের রিমান্ডে আছেন।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখনও পলাতক রয়েছেন সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীম ও হাফেজ আবদুল কাদের।
এ ছাড়া বৃহস্পতিবার রাতে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোকসুদ আলমকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
টাইমস/এসআই