© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়ে বিশ্বকাপ জয় করায় চাকরি ফিরে পাচ্ছেন বাবা

শেয়ার করুন:
মেয়ে বিশ্বকাপ জয় করায় চাকরি ফিরে পাচ্ছেন বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ০৮ নভেম্বর, ২০২৫
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকেই খেলোয়াড়দের সাফল্যের পেছনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প উঠে আসছে। তেমনই এক গল্পে এবার আনন্দের মাত্রা যোগ হলো। ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ২২ বছর বয়সী ক্রিকেটার ক্রান্তি গৌড়ের চাওয়া পূরণ করে তার বাবাকে চাকরিতে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করা এই তরুণী বোলার এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি আমার বাবার হারানো সম্মান ফেরত চাই।"

শুক্রবার ভোপালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব তাকে সম্মানিত করার সময় সেই চাওয়া পূরণের আশ্বাস দেন।



২০১২ সালে নির্বাচনী দায়িত্বে গাফিলতির কারণে ক্রান্তির বাবা মুন্নালাল গৌড়কে পুলিশ কনস্টেবল পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। বাবার এই সাসপেনশনের পর থেকেই তাদের পরিবার আর্থিক কষ্টের সঙ্গে সংগ্রাম করে আসছিল।

সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "তোমার পরিবারের কষ্টের কথা আমি জেনেছি। রাজ্য সরকারের কাছে আবেদন করার নিয়ম রয়েছে। আমরা নিয়ম অনুযায়ী তোমার বাবাকে চাকরিতে ফিরিয়ে আনার জন্য কাজ করবো।"

আট সদস্যের পরিবারের ভরণপোষণ করতে মুন্নালাল গৌড়ের বড় ছেলে (ক্রান্তির দাদা) বাস কন্ডাক্টরের কাজ করতেন। বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাসের কথা শুনে সংবর্ধনা মঞ্চে মা নীলম সিং গৌড়ের পাশে থাকা তরুণী ক্রান্তি গৌড় আবেগ ধরে রাখতে পারেননি।

ক্রান্তি এই বিশ্বকাপে ৮টি ম্যাচে ৯টি উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এমআর/টিকে 

মন্তব্য করুন