© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

শেয়ার করুন:
কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৫
২০১২ সালের প্রথম বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশের নারী কাবাডি দল, এবার লক্ষ্য ছিল তা ছাপিয়ে যাওয়ার। সেই লক্ষ্যই পূরণ হল লাল-সবুজদের। প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে ওঠায় পদকও নিশ্চিত হল তাদের।

শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড। সেখানে ৪০-৩১ পয়েন্টে বিজয়ী হয়েছে মালেকা পারভীনের দল।

ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল-সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস।

থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন।



শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবার লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল-সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে, তা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ৪০-৩১ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবার পদক নিশ্চিত করল বাংলাদেশ।

এসএস/টিএ

মন্তব্য করুন