© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৫ সাল সিটিতে আমার অন্যতম সেরা বছর : গার্দিওলা

শেয়ার করুন:
২০২৫ সাল সিটিতে আমার অন্যতম সেরা বছর : গার্দিওলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ এএম | ০১ জানুয়ারি, ২০২৬
ম্যানচেস্টার সিটির কোচ পেপ মনে করেন, শিরোপাহীন হলেও ২০২৫ সাল ক্লাবটিতে তার অন্যতম সেরা বছরগুলোর একটি। চোট-আঘাতে জর্জরিত একটি মৌসুম পার করেও দলের লড়াই ও মানসিকতা তাকে সবচেয়ে বেশি গর্বিত করেছে বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং এফএ কাপ ফাইনালে হেরে রানার্স-আপ হয়। তবে মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীর্ঘ সময় চোটে থাকায় পরিস্থিতি ছিল কঠিন।

গার্দিওলা বলেন, ‘আমাদের অনেক সমস্যা অতিক্রম করতে হয়েছে। যেসব খেলোয়াড় তখন দলে ছিল, তাদের নিয়েই আমরা লড়াই চালিয়ে গেছি। এখন পেছনে তাকালে মনে হয়, এই মৌসুমটা আমাদের অন্যতম সেরা। ক্লাব হিসেবে আমরা যা করেছি, তা নিয়ে আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত।



মৌসুমের মাঝপথে সিটি দলে নেয় ওমর মারমুশ, আব্দুকোদির খুসানোভ, ভিতোর রেইস ও নিকো গঞ্জালেজকে। শুরুতে শীতকালীন দলবদলের পরিকল্পনা না থাকলেও খেলোয়াড় সংকটে পড়ে সে সিদ্ধান্ত নিতে হয় বলে জানান গার্দিওলা। ‘ওই খেলোয়াড়রা না এলে হয়তো আমরা এখন চ্যাম্পিয়নস লিগের চারে থাকতাম না,’ বলেন তিনি। তার মতে, মৌসুমের শেষ ১০-১৫ ম্যাচে সিটিই ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে শক্তিশালী দল।

২০২৫ সালে মোট পয়েন্ট দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। যদিও সিটি খেলেছে দুই ম্যাচ কম। বর্তমান মৌসুমে গানার্সদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও একটি ম্যাচ হাতে আছে গার্দিওলার দলের। নতুন বছরের প্রথম ম্যাচে সিটির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড।

দীর্ঘ চোট কাটিয়ে রদ্রির ফেরার সম্ভাবনাও উজ্জ্বল।

অক্টোবরে হাঁটুর চোটের পর নানা সমস্যায় ভুগলেও তিনি ধীরে ধীরে ফিরছেন।

গার্দিওলা বলেন, ‘রদ্রি থাকলে আমরা অবশ্যই আরো শক্তিশালী দল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন সুস্থ থাকে এবং মানসিকভাবে ভালো থাকে।’

এমকে/এসএন

মন্তব্য করুন