© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাঙ্গা হাত নিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেন ফোডেন!

শেয়ার করুন:
ভাঙ্গা হাত নিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেন ফোডেন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ২০ জানুয়ারি, ২০২৬
হাতের হাড়ে চিড় ধরলেও মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব বুদো/গ্লিম্টের বিপক্ষে মাঠে নামতে পারেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। ইংল্যান্ডের এই তারকা ফুটবলারকে দলে রেখেই নর্দার্ন নরওয়ের উদ্দেশে রওনা দিয়েছে সিটি স্কোয়াড।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধ শেষে ফোডেনকে তুলে নেওয়া হয়। একটি ডুয়েলে অস্বাভাবিকভাবে হাতে ভর পড়ায় চোট পান তিনি।



ম্যাচের পর সিটির কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেন, ফোডেনের হাতে হালকা ফাটল আছে। তবে সেটি ম্যাচ খেলার পথে বড় বাধা নয়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘তার হাতে একটু চিড় ধরেছে, কিন্তু সে সুরক্ষা নিয়ে খেলছে। কালকের ম্যাচের জন্য সে ঠিক আছে।

এদিকে গোলখরা চললেও আর্লিং হলান্ডকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দেননি গার্দিওলা। শেষ সাত ম্যাচে ওপেন প্লে থেকে গোল না পেলেও নরওয়েজিয়ান স্ট্রাইকার নিজ দেশে ফিরেই খেলতে প্রস্তুত বলে জানালেন কোচ। 

ম্যানচেস্টার ডার্বির হার সিটির জন্য হতাশাজনক ছিল। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিততে না পারায় শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে সাত পয়েন্টে।

তবে গার্দিওলা আপাতত লিগের হতাশা ভুলে ইউরোপে মনোযোগ দিতে চান।

তিনি বলেন, ‘এখানে আসার পথে আমরা ইউনাইটেড ম্যাচ নিয়ে একটি কথাও বলিনি। সেটা নিয়ে কথা হবে উলভস ম্যাচের আগে। এখন অন্য প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য লিগ পর্বে সেরা আটে থাকা নিশ্চিত করা।

বুদোর তীব্র ঠান্ডা আবহাওয়া ও কৃত্রিম টার্ফের কারণে প্রস্তুতিতে ভিন্ন পথ বেছে নিয়েছে সিটি। সাধারণত ইউরোপের অ্যাওয়ে ম্যাচের আগে ম্যানচেস্টারেই অনুশীলন করে দল। এবার ম্যাচের ভেন্যু অ্যাসপমিরা স্টেডিয়ামেই অনুশীলন করিয়েছে গার্দিওলা।

৮ হাজার ৫০০ আসনের স্টেডিয়ামে অনুশীলন নিয়ে সিটি কোচ বলেন, ‘ম্যানচেস্টারে আসার পর এই প্রথম ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলন করালাম। খেলোয়াড়দের দেখতে হবে বল কেমন বাউন্স করে, ছোট পাস, লম্বা পাস- সবকিছু। জীবন সব সময় লাল গালিচার মতো নয়। যত দ্রুত অস্বস্তিকর পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে, সাফল্যের তত কাছে যাবে।’


আরআই/টিকে 

মন্তব্য করুন