© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস

শেয়ার করুন:
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রথম সেট অনায়াসে জিতে নিলেন নোভাক জোকোভিচ। তবে কার্লোস আলকারাস ঘুরে দাঁড়াতে সময় নিলেন না। দাপুটে পারফরম্যান্সে পরের দুই সেট জিতলেন তিনি। চতুর্থ সেটে লড়াই হলো তুমুল। শেষ পর্যন্ত ফয়সালা হলো টাইব্রেকে। সেখানে জিতে উল্লাসে মাতলেন স্প্যানিশ তারকা।অস্ট্রেলিয়ান ওপেন জিতে তার ক্যারিয়ারে পূরণ হলো একটি চক্র।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে রোববার প্রথম সেট জোকোভিচ জিতে নেন ৬-২ গেমে। পরের সেট একই ব্যবধানে জিতে আলকারাসের ঘুরে দাঁড়ানোর শুরু। তৃতীয় সেট জিতে নেন তিনি ৬-৩ গেমে। আর চতুর্থ সেট ৭-৫ গেমে বাজিমাত করেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।

২২ বছর ২৭২ দিন বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন আলকারাস। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের প্রতিটিই কমপক্ষে একবার করে জেতাকে বলা হয় ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম।’



আলকারাসের আগে এই স্বাদ পেয়েছেন আট জন পুরুষ ও ১০ জন নারী খেলোয়াড়। তবে তার চেয়ে কম বয়সে আর কোনো পুরুষ খেলোয়াড় এই কীর্তি গড়তে পারেননি।

আলকারাস ভেঙে দিলেন ডন বাজের ৮৮ বছরের পুরনো রেকর্ড। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের সময় যুক্তরাষ্ট্রের বাজের বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন।

৩৮ বছর বয়সী জোকোভিচ এই স্বাদ পেয়েছিলেন ২৯ বছর বয়সে, রজার ফেদেরার ২৭ বছর বয়সে, ২৪ বছর বয়সে রাফায়েল নাদাল। টেনিসের উন্মুক্ত যুগে আলকারাসের আগে সবচেয়ে কম বয়সী ছিলেন তার স্বদেশি নাদাল।

ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন- এই তিনটি গ্র্যান্ড স্ল্যামই দুইবার করে জিতেছেন আলকারাস।

অস্ট্রেলিয়ান ওপেনে তিনি আগে কখনও কোয়ার্টার-ফাইনালই পার হতে পারেননি। প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন সময়ের এই সেনসেশন।

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র‍্যাকেট ফেলে কোর্টে শুয়ে পড়েন তিনি। হাত দিয়ে ঢাকেন মুখ। পরে উঠিয়ে দাঁড়িয়ে করমর্দন করেন জোকোভিচের সঙ্গে, যিনি এই গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড চ্যাম্পিয়ন।

মেলবোর্নে আগে ১০ বার ফাইনালে খেলে প্রতিবারই শিরোপা জিতেছিলেন জোকোভিচ। এখানে তার একাদশ ফাইনালে এসে প্রথম তেতো স্বাদ পেতো হলো পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকাকে।

২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডের উচ্চতায় পা রাখার পর থেকে আর কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ। পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অপেক্ষাও তাই বেড়েই চলেছে তার।

এমআর/টিএ 

মন্তব্য করুন