পেশাদার ক্রিকেট খেলতে গিয়ে গায়ের রং নিয়ে প্রতিনিয়ত কটাক্ষের মুখে পড়তে হয়েছে ভারতের নারী ক্রিকেটার ফুলমালিকে। সেই যন্ত্রণার কথা এবার প্রকাশ্যে এনেছেন। জানালেন, নিজের চেহারা নিয়ে অনলাইনে ঘৃণ্য মন্তব্য শুনেছেন তিনি।
এই মুহূর্তে গুজরাট জায়ান্টসের হয়ে নারী প্রিমিয়ার লিগে খেলছেন ফুলমালি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, গত তিন বছর ধরে কটাক্ষ করা হয়েছে তাকে।
ফুলমালির মতে, ম্যাচ এবং অনুশীলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা সম্ভব নয়। তবে সাধারণ মানুষের মন্তব্যের প্রতি বেশি আগ্রহ দেখালে নিজেরই ক্ষতি।
তিনি বলেছেন, 'যখন কেউ আপনার চেহারা এবং ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে তখন খুব খারাপ লাগে। এটা সামলানো খুব কঠিন। গত তিন বছর ধরে এ জিনিস আমি দেখছি। ডব্লিউপিএল খেলা শুরু করার পর থেকেই। অনেকে অনেক মন্তব্য করে। বেশির ভাগই নেতিবাচক। এর অনেক নেতিবাচক দিক রয়েছে।'
'আমরা ম্যাচ খেলি, অনুশীলন করি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেই হয়। আমিও করি। কারণ আমি দেখতে চাই মানুষ আমাকে নিয়ে কী বলছে। সেটা ভালোই হোক বা খারাপ। এই আগ্রহ থাকা স্বাভাবিক। সকলেরই রয়েছে। কিন্তু মানুষের মন্তব্য দেখতে গিয়ে বুঝেছি, অনেকে আমাকে ঘৃণা করে। ভালো মন্তব্যও দেখেছি। তবে সংখ্যায় তা অনেক কম। এতে একটু হলেও প্রভাব পড়ে। কিন্তু এটার সঙ্গে বাঁচতে শিখে গিয়েছি।'
এমআর/টিএ