সিকান্দার রাজাকে সরিয়ে টি-টোয়েন্টি এক নম্বর অলরাউন্ডার বনে গেছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। রাজা নেমে গেছেন দুইয়ে। এক নম্বরে উঠা সাইমের রেটিং পয়েন্ট ২৯০, রাজা তার চেয়ে এক রেটিং পয়েন্টে পিছিয়ে। পাকিস্তানি ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স দিয়ে। হোয়াইটওয়াশ করার সিরিজে ৩ ম্যাচে ১৭০ স্ট্রাইকরেটে ১১৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
একই সিরিজে বল হাতে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি হওয়া মোহাম্মদ নাওয়াজেরও এক ধাপ উন্নতি হয়েছে, ব্যাট হাতে করেছিলেন ২৯ রান। রোস্টন চেজকে পাঁচে ঠেলে দিয়ে চার নম্বরে উঠেছেন তিনি। ৬ উইকেট নিয়ে আবরার আহমেদ হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন তিনি। আগের মতোই শীর্ষে ভারতের বরুন চক্রবর্তী।
বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের আদিল রশিদেরও। ৬ থেকে ৪ নম্বরে এসেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে এই লেগি ৫ উইকেট নিয়েছিলেন।নাওয়াজের উন্নতি হয়েছে ৮ ধাপ, সেরা দশে ঢোকা এই ক্রিকেটারের স্থান এখন ৭ নম্বরে।
ব্যাটিংয়ে বড় লাফ দিয়েছেন রায়ান রিকেলটন, ইশান কিশান, শিমরন হেটমায়ার ও শেরফান রাদারফোর্ড। ৪২ ধাপ এগোনো রিকেলটন এখন ৪১, ৩২ ধাপ এগোনো কিশান ৩২, ২৪ ধাপ এগোনো রাদারফোর্ড ৭৭ ও ২২ ধাপ এগোনো হেটমায়ার ৭১ নম্বরে উঠেছেন। অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ৯৩ রান করা ক্যামেরন গ্রিনের ১৬ (বর্তমান স্থান ১৪), ১২০ রান করা সালমান আলীর ১২ (বর্তমান স্থান ২৯ )ও সাইমের ৮ (বর্তমান স্থান ২৮) ধাপ উন্নতি হয়েছে।
এসএস/টিএ