দলটা নতুন হলেও নিজের জাত চেনাতে দেরি করলেন না করিম বেনজেমা। আল হিলালের হয়ে খেলা নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ফরাসি এই স্ট্রাইকার। তার দলও জিতেছে বড় ব্যবধানে।
সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আল আখদুদকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল। বেনজেমার হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল পেয়েছেন সালেম আল-দাওসারি এবং একটি গোল করেছেন ম্যালকম।
ম্যাচের প্রথম তিনটি গোল করেন বেনজেমা। গোলের শুরুটা ৩১তম মিনিটে। এরপর ৬০ ও ৬৪ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৮ বছর বয়সি এই স্ট্রাইকার। এরপর ৭০তম মিনিটে ম্যালকম আল হিলালকে চতুর্থ গোল উপহার দেন।
৭৪তম মিনিটে এবং যোগ করা সময়ে গোল করেন আল-দাওসারি। বড় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আল হিলাল।
এদিকে নতুন ক্লাবে দারুণভাবে শুরু করে উচ্ছ্বসিত বেনজেমা। ম্যাচ শেষে তিনি বলেন, 'আজকের (বৃহস্পতিবার) ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জিততে পেরে আমরা খুশি। ভালো খেলেছি আমরা, অনেক গোল করেছি এবং কোনো গোল হজম করিনি, কাজেই আমরা দারুণ খুশি।'
এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আল হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আল আহলি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রোনালদোর আল নাসর।
এমআই/টিকে