অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়লেন ভারতের কিশোর ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৫ বলে ঝোড়ো সেঞ্চুরি করে ফাইনালের মঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেন মাত্র ১৪ বছর বয়সী এই ব্যাটার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-১৯। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা বৈভব ইংলিশ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান।
নিখুঁত টাইমিং, সাহসী শট নির্বাচন আর ম্যাচের চাপ সামলে পরিণত ব্যাটিং—সব মিলিয়ে তার ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। ফাইনালের মতো বড় মঞ্চে মাত্র ৫৫ বলে শতক পূর্ণ করে বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের একজন হিসেবে উঠে এসেছেন। তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ বলে ১৫৫ রান নিয়ে অপরাজিত আছেন সূর্যবংশী। ভারতের সংগ্রহ ২৩ ওভারে ২ উইকেটে ২২৪ রান।
এবি/টিকে