টি- টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেলো পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলো পাকিস্তানের।
আজ শনিবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয় এবারের আসরের প্রথম ম্যাচ। ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের সংগ্রহ ১৪৭ রান। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়াও, ৩০ রানের ইনিংস খেলেন ব্যাস ডি লিড।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান মির্জা। এছাড়াও ২ টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব। একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ভালো শুরু করে। তবে ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান করা সাহেবজাদা ফারহানের উইকেটের পরে হঠাৎ চাপে পড়ে তারা। শেষ মুহূর্তে ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ জেতে পাকিস্তান। ম্যাচসেরার পুরস্কার ওঠে ফাহিমের হাতে।
আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন দিয়ে পরবর্তী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হওয়া ম্যাচ তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
এসএস/এসএন