আগামীকাল (রোববার) ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। বিকেল সাড়ে তিনটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তারা নেপালের মুখোমুখি হবে। প্রথম ম্যাচের প্রায় ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করল সাবেক চ্যাম্পিয়নরা।
দল থেকে বাদ পড়েছেন ব্যাটার বেন ডাকেট। বাঁহাতি ব্যাটার সম্প্রতি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ছিলেন, যেখানে তিন বল খেলে ডাক মারেন। ইংল্যান্ড বেছে নিয়েছে টম ব্যান্টনকে, ব্যাটিং অর্ডারের চার নম্বরে দেখা যাবে তাকে।
জ্যাকব বেথেল, টম ব্যান্টন ও অধিনায়ক হ্যারি ব্রুক মিডল অর্ডারে শক্তি বাড়াবেন। ব্যাটিং লাইনআপে অতি প্রয়োজনীয় গভীরতা যোগ করবেন স্যাম কারান, উইল জ্যাকস ও লিয়াম ডওসন। বল হাতেও তারা অবদান রাখবেন। পেস বিভাগে জোফরা আর্চার ও লুক উডের কাঁধে থাকছে দায়িত্ব। সম্মুখসারির স্পিনার হিসেবে কাজ চালিয়ে নেবেন আদিল রশিদ।
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপে পা রেখেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের বাকিদের জন্য হুঁশিয়ারি দিয়ে রাখল তারা।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডওসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও লুক উড।
আরআই/টিকে