জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত
০৯:৫৪ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে যুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
এই সিদ্ধান্তের পর ঘটনাপ্রবাহ নতুন মোড় নেয়। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। বিষয়টি ঘিরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসছে আইসিসি।

ওই বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে গিয়েছেন। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জরুরি এই বৈঠকে সমসাময়িক পরিস্থিতি ও সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। সভা শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে শুরু থেকেই অন্যায্য বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথমে বিশ্বকাপ বয়কটের হুমকিও দেন।
পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীকী অবস্থান হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বড় অঙ্কের আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। সে কারণেই বিষয়টি দ্রুত সমাধানে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ধারণা করা হচ্ছে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচট্টি না খেললে অন্তত ৬ হাজার কোটি রুপি খরচ হতে পারে আইসিসির।
আরআই/এসএন