অলিম্পিক লিওঁতে দুর্দান্ত শুরু করায় ব্রাজিল দলে ফিরছেন এন্ড্রিক
ছবি: সংগৃহীত
০৩:০৯ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ফরাসি দৈনিকের প্রতিবেদন, অলিম্পিক লিওঁতে দুর্দান্ত শুরু করা এন্ড্রিক ফিলিপে এবার জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন।
গত বছরের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এন্ড্রিক। সেই ম্যাচে ব্রাজিল ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছিল। এরপর চোট এবং ক্লাবে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় দল থেকে বাদ পড়েন এন্ড্রিক।
গত বছরের শেষ দিকে এই ব্রাজিলিয়ান তরুণকে ধারে অলিম্পিক লিওঁতে পাঠায় রিয়াল। ফ্রান্সে পা রাখার পর থেকেই দারুণ খেলছেন তিনি। লিওঁর জার্সিতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ গোল ও একটি গোলে সহায়তা করেছেন এন্ড্রিক। লিওঁ ও লিগ ওয়ানের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড় এখন ১৯ বছর বয়সী এই তরুণ। এমন পারফরম্যান্স নজর এড়ায়নি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির।

মার্চে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ‘রোড টু ২৬’ শিরোনামে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ফরাসি দৈনিক লেকিপ–র প্রতিবেদন, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে এন্ড্রিককে খেলাতে পারেন আনচেলত্তি।
সাবেক পালমেইরাস ফরোয়ার্ডকে নিয়ে আবারও নিজের পরিকল্পনা ঝালিয়ে নিতে চান ইতালিয়ান কোচ। ২০২৬ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্য এন্ড্রিকের বহুদিনের। সে কারণেই লিওঁতে ধারে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রিয়াল মাদ্রিদে সীমিত সময় মাঠে নামলে জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হতো- এ কথা ভালো করেই জানতেন এই ফরোয়ার্ড।
আনচেলত্তির সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও এন্ড্রিকের পক্ষে যাচ্ছে। রিয়ালে একসঙ্গে কাজ করার সুবাদে তার সামর্থ্য সম্পর্কে ভালোই ধারণা আছে ব্রাজিল কোচের। সেই বোঝাপড়াই এবার জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এগিয়ে দিতে পারে এই তরুণ প্রতিভাকে।
এসএস/এসএন