যুব বিশ্বকাপের টুর্নামেন্টসেরা একাদশ প্রকাশ, জায়গা পাননি বাংলাদেশের কেউ
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
শুক্রবারের ফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ১০০ রানে জয় পাওয়া দলটির দুজন স্থান পেয়েছেন টুর্নামেন্টসেরা একাদশে। এগিয়ে রানার্সআপ হওয়া ইংল্যান্ড, তাদের মোট ৩ জন সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
ইয়ান বিশপ, লিডিয়া গ্রিনওয়ে, অ্যান্ডি ফ্লাওয়ার ও টেলফোর্ড ভিসের নির্বাচক প্যানেল একাদশ সাজিয়েছে ৭ দেশের ক্রিকেটার দিয়ে। আইসিসি এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।
টুর্নামেন্টসেরা একাদশে নেই বাংলাদেশের কেউ। যুবা টাইগাররা সুপার সিক্সে উঠলেও এক ম্যাচ হাতে রেখেই সেমির দৌড় থেকে বাদ পড়ে। অবশ্য আসর শেষ করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত্বনার জয় দিয়ে।

ইংল্যান্ডের তিনজন হলেন থমাস রিউ, বেন মায়েস ও মানি লুমসডেন। ভারতের দুজন বৈভব সূর্যবংশী ও কানিশক চৌহান। এদের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান করা রিউ ১১ সদস্যের দলের অধিনায়ক। মায়েস করেছেন আসরের সর্বোচ্চ রান। ৭ ম্যাচে তার ৪৪৪ রান এসেছে ৭৪ গড় ও ১১২.৪০ স্ট্রাইকরেটে। রানের হিসাবে এরপরই সূর্যবংশী। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলা এই ওপেনার ১৬৯.৪৯ স্ট্রাইকরেটে করেছেন ৪৩৯ রান।
১৬ উইকেট নিয়ে মানি লুমসডেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। সেমিফাইনালে ভারতের কাছে হারা আফগানিস্তানের দুজন সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে ফয়সাল খান তৃতীয় সর্বোচ্চ রান করেছেন, নুরিস্তানি ওমরজাই নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট।
শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে সেরা একাদশে আছেন। ১২তম প্লেয়ার হিসেবে আছেন ভারতের হেনিল প্যাটেল।
টুর্নামেন্টসেরা একাদশ
বৈভব সূর্যবংশী (ভারত), ভিরান চামুদিথা (শ্রীলঙ্কা), ফয়সাল খান (আফগানিস্তান), থমাস রিউ (অধিনায়ক, ইংল্যান্ড), অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মায়েস (ইংল্যান্ড), কানিশক চৌহান (ভারত), নুরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভিতেল লস (ওয়েস্ট ইন্ডিজ), আলী রাজা (পাকিস্তান) ও মানি লুমসডেন (ইংল্যান্ড)। ১২তম প্লেয়ার: হেনিল প্যাটেল (ভারত)।