বিশ্বকাপের আগে নতুন ঠিকানা রদ্রিগেজের
ছবি: সংগৃহীত
০৭:৩৫ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বকাপের আগে নতুন ক্লাব খুঁজে নিলেন কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজ। মেজর লিগ সকারের (এমএলএস) দল মিনেসোটা ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আগামী জুন পর্যন্ত। তবে ডিসেম্বর পর্যন্ত সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত ছয় বছরে সাত নম্বর ক্লাব এটি রদ্রিগেজের। তবে নতুন ঠিকানায় গিয়ে বেশ উচ্ছ্বসিত কলম্বিয়ার এক তারকা ফুটবলার।
মিনেসোটায় যোগ দেয়ার পর রদ্রিগেজ বলেন, 'জীবনের নতুন এই অধ্যায়ের জন্য আমি খুশি। আশা করি, নিজের সেরাটা মেলে ধরতে পারব, যাতে এই শহর ও আমার ওপর বিশ্বাস রাখা প্রতিটি মানুষকে আনন্দ দিতে পারি।'
তিনি আরও বলেন, 'মিনেসোটার আবেগময় সমর্থকদের সঙ্গে দেখা করতে তর সইছে না আমার, কারণ আমি নিজেও খেলি আবেগ দিয়ে, মাঠে নেমে যে নিজের সবটুকু উজার করে দিতে চায় এবং সবসময় শুধু জিততেই চায়।'
পোর্তো ও মোনাকো হয়ে ২০১৪ সালে তিনি নাম লেখার রিয়াল মাদ্রিদে। ইউরোপের সফলতম ক্লাবে যোগ দেয়ার আগেই ২০১৪ বিশ্বকাপে তাক লাগানো পারফরম্যান্সে জিতে নেন তিনি গোল্ডেন বুট।
রিয়ালে শুরুর সময়টায় তিনি ছিলেন দারুণ উজ্জ্বল। পরে তিনি খেই হারান। ধারে দুই মৌসুম বায়ার্ন মিউনিখে খেলে খুব ধারাবাহিক হতে পারেননি। ২০২০ সালে রিয়ালে মেয়াদ শেষ হওয়ার পর তার ক্যারিয়ার দিশা হারায় আরও।
গত ছয় বছরে রদ্রিগেজ খেলেছেন এভারটন, আল-রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাউলো, রায়ো ভাইয়েকানো এবং লেওনে। বিশ্বকাপের পাঁচ মাস আগে এবার যোগ দিলেন মিনেসোটা ইউনাইটেডে।
পিএ/টিকে