লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয় ম্যানসিটির
ছবি: সংগৃহীত
০৭:৪৩ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
অ্যানফিল্ডে গতকাল (রোববার) লিভারপুলকে ২-১ গোলে হারানোর ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড। তাতে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকল।
৭৪ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের একটি চমৎকার ফ্রি কিক লিভারপুলকে জয়ের পথে রেখেছিল। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের শীর্ষ চারে থাকার আশা জোরালো হতো। কিন্তু এরপর হালান্ড খেলার মোড় সিটির দিকে ঘুরিয়ে দেন। প্রথমে বের্নার্দো সিলভার সমতাসূচক গোলটি তৈরি করে দেন এবং এরপর ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ম্যানচেস্টার ক্লাব ভেবেছিল তারা শেষ সেকেন্ডে তৃতীয় গোলটি পেয়ে গেছে। রায়ান শেরকি তার নিজের অর্ধের ভেতর থেকে ফাঁকা জালে একটি শট পাঠান। কিন্তু ভিএআর এর হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয় এবং সোবোসলাইকে লাল কার্ড দেখানো হয়। হালান্ড যখন দ্বিতীয় গোলের লক্ষ্যে বল তাড়া করছিলেন, তখন গোল করার নিশ্চিত সুযোগ নস্যাৎ করার দায়ে সোবোসলাইকে এই শাস্তি দেওয়া হয়।
এই ফলাফলের ফলে ম্যানসিটি শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ৬-এ নামিয়ে এনেছে। অন্যদিকে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ অবস্থানের বাইরে রয়ে গেল।
ম্যানচেস্টার সিটির শিরোপার আশা প্রায় শেষ মনে হচ্ছিল যখন সোবোসলাই তার অবিশ্বাস্য ফ্রি-কিক থেকে গোলটি করেন- লিভারপুল যদি জয় ধরে রাখতে পারত, তবে পেপ গার্দিওলার দল আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়ত।
কিন্তু অ্যানফিল্ডে ভালো না খেলা সত্ত্বেও সিটি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় এবং সিলভা ও হালান্ডের গোলে এক বিশাল জয় নিশ্চিত করে।
এই তিন পয়েন্ট সিটির জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। তবে এই ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সম্ভবত জয়ের ধরন। গানারদের এখনো মৌসুম শেষ হওয়ার আগে ইতিহাদে সফর করতে হবে। তাই যতক্ষণ না তারা সিটিকে পুরোপুরি ছিটকে দিতে পারছে, ততক্ষণ তাদের আগের দুই মৌসুমের স্মৃতি তাড়া করে বেড়াবে- যখন তারা গার্দিওলার দলের কাছে শেষ মূহূর্তে লিগ শিরোপা হারিয়েছিল।
আরআই/ এসএন