হিন্দুস্থান টাইমসের খবর / বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য পাকিস্তানকে অনুরোধ করল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
০৩:৪১ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কান খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে যায়। এরপর লম্বা সময় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সিরিজ আয়োজন করেছে পিসিবি। সেই সম্পর্কের কথা টেনে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ জানাল আরব আমিরাত ক্রিকেট (ইসিবি)। খবর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের।
খবরে বলা হয়েছে, ইসিবি পিসিবিকে একটি ইমেইল পাঠিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত না হলে এর ব্যাপক আর্থিক প্রভাব পড়তে পারে, ইমেইলে সে বিষয়টিও তারা তুলে ধরেছে। ইমেইলের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেছে, ‘এমিরেটস ক্রিকেট বোর্ড পিসিবিকে মনে করিয়ে দিয়েছে যে, পাকিস্তান ক্রিকেটের কঠিন সময়ে তারা পাশে দাঁড়িয়েছিল।ভারত-পাকিস্তান ম্যাচ সব স্টেকহোল্ডারের জন্যই রাজস্ব আনে, আর কেউই চায় না এত বড় অঙ্কের আয় হারিয়ে যাক। তাই পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে।’

সূত্রটি আরও যোগ করেছে, ‘আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত বিচক্ষণতাই জয়ী হবে এবং পাকিস্তান এ সপ্তাহের শেষ দিকে ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেবে।’ এই ব্যাপারে আলোচনা চলছে পিসিবি ও আইসিসির মধ্যেও। গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান খাজা ইমরানের একটি বৈঠকও হয়ে গেছে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
এ নিয়ে দুটি বোর্ড ভারত ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ জানাল। এর আগে পাকিস্তানকে ম্যাচ খেলার কথা বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৫ ফেব্রুয়ারি ম্যাচটি তাদের মাটিতেই হওয়ার কথা, না হলে লঙ্কানদের বড় অঙ্কের আয় হাতছাড়া হবে। সরকার হারাবে পর্যটন থেকে বিশাল আয়ের সুযোগ।
এসএস/টিএ