আল নাসরের হয়ে মাঠে ফিরছেন রোনালদো!
ছবি: সংগৃহীত
০১:০৪ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে- গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। ক্লাবটির হয়ে শেষ দুই ম্যাচে যখন তিনি মাঠে নামেননি, তখন তো এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠলো। তবে সেইসব গুঞ্জন আপাতত বন্ধ হচ্ছে, কেননা ফের আল নাসরের হয়ে মাঠে নামবেন পর্তুগিজ এই সুপারস্টার। এমন খবর প্রকাশ করেছে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’।
আল নাসরে বিশ্ব ফুটবলের সবচেয়ে লাভজনক চুক্তি রোনালদোর, যার মূল্য প্রতিদিন প্রায় ৫ লাখ পাউন্ড বলে জানা গেছে। তবুও মধ্যপ্রাচ্যে তিনি ক্রমেই হতাশ হয়ে পড়ছেন। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) নিয়ন্ত্রিত দলগুলোর মধ্যে অর্থ বণ্টন যেভাবে হচ্ছে, তা নিয়ে তিনি অসন্তুষ্ট।
রোনালদো আল-নাসরের হয়ে টানা দুটি ম্যাচে মাঠে নামেননি এবং আশ্চর্যের বিষয়, দল দুটি ম্যাচই তাকে ছাড়াই জিতেছে। ২০২৩ সালে সৌদি লিগে যুগান্তকারী এক ট্রান্সফারের পর থেকে যে লিগে তিনি আধিপত্য বিস্তার করেছেন, সেখানে অতিরিক্ত প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগে তিনি সমালোচনার মুখেও পড়েছেন।
সৌদি প্রো লিগ রোনালদোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে মাঠের ভেতরে-বাইরে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল-নাসর নিজেদের দলবদল সিদ্ধান্ত নিজেরাই নেবে এবং বড় তারকা আনতে হলে অর্থের সংস্থানও তাদেরই করতে হবে।
গুঞ্জন আছে, ২০২৬ সালের গ্রীষ্মে রোনালদো ক্লাব ছাড়তে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার চুক্তিতে ৪৪ মিলিয়ন পাউন্ড (৬০ মিলিয়ন ডলার) রিলিজ ক্লজ রয়েছে, যা আগামী ট্রান্সফার উইন্ডোতেই সক্রিয় করা যেতে পারে। রেকর্ডভাঙা ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও, ক্রীড়া ও বাণিজ্যিক দিক বিবেচনায় বিশ্বের বহু ক্লাবই এখনও রোনালদোর জন্য বিনিয়োগ করতে আগ্রহী।
তবে আপাতত স্বস্তির খবর এই যে, আল নাসরের হয়ে আবারও মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল ফাতেহ’র বিপক্ষে ম্যাচ রয়েছে আল নাসরের। ধারণা করা হচ্ছে, সেই ম্যাচ দিয়েই আবারও আল নাসরের হয়ে ফিরবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এমআর/টিএ