© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নেদারল্যান্ডসের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো পাকিস্তান।

কলম্বোতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জোড়া ফিফটির পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমেছে যুক্তরাষ্ট্রের ইনিংস।

রান তাড়ায় নেমে শুরুটা ভালোই ছিল যুক্তরাষ্ট্রের। আগ্রাসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৪২ রান তুলে নিয়েছিল তারা। ১৩ বলে ১৩ রান করা আন্দ্রিস গুসকে আউট করে পঞ্চম ওভারে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ নাওয়াজ। এরপর ক্রিজে নেমে ১০ বলে ৩ রান করে বিদায় নেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তখনো যুক্তরাষ্ট্রকে চালকের আসনে রেখেছিলেন শায়ান। কিন্তু তার আগ্রাসী ব্যাটিং বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্ষেপ নিয়ে ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর মিলিন্দ কুমার ও শুভাম রঞ্জন যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে টিকিয়ে রাখেন।

১৬তম ওভারে গিয়ে তাদের ৫৪ রানের জুটি ভাঙেন উসমান তারিক। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে সাজঘরে ফেরেন মিলিন্দ। তার বিদায়ের পর ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র। যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি হাঁকিয়ে নেন শুভাম। তবে শেষ পর্যন্ত দলকে উদ্ধার করতে পারেননি তিনি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৩০ বলে ৩ ছক্কা ও ৩ চারের মারে ৫১ রান করেন তিনি।



পাকিস্তানের হয়ে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন উসমান তারিক। ২৬ রান খরচায় ২ উইকেট নেন শাদাব খান। এছাড়া ১টি করে উইকেটের দেখা পেয়েছেন আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। এছাড়া ৩২ বলে বাবর আজম ৪৬ আর ১২ বলে ৩০ রান করেন শাহাব খান। যুক্তরাষ্ট্রের হয়ে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন শাডলি ভ্যান শালকউইক।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে আসলো পাকিস্তান। টানা দুই হারে তলানিতে যুক্তরাষ্ট্র।

টিজে/টিএ 

মন্তব্য করুন