© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার ব্রেসওয়েল

শেয়ার করুন:
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার ব্রেসওয়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। বাঁ পায়ের মাংসপেশির চোটে তাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ব্রেসওয়েলের শূন্যতা পূরণে প্রথমবার বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন বেন সিয়ার্স। ভারতের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওই চোট পান ব্রেসওয়েল। প্রথম ইনিংসে ২৮ রান করার পর তাকে আর ফিল্ডিংয়ে দেখা যায়নি। যে কারণে পরবর্তী ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না ব্রেসওয়েল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, গত রোববার ওয়ার্ম-আপের সময় পুরোনো জায়গায় আবারও চোট পান ৩৪ বছর বয়সী এই তারকা।



এনজেডসি’র তথ্যমতে- স্ক্যান করার পর ব্রেসওয়েলের চোট ধরা পড়ে, যা থেকে সেরে উঠে খেলায় ফিরতে তার তিন সপ্তাহের মতো লাগতে পারে।

এর আগে গোড়ালিতে ফাটল ধরা পড়ায় সার্জারির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও মিস করেছিলেন তিনি। নতুন করে স্কোয়াডে সুযোগ পাওয়া ম্যাককনচি নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে ৭টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি ৭.২৯। এ ছাড়া ৬টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।

ব্রেসওয়েল ও তার বদলে ডাক পাওয়া ম্যাককনচিকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমরা মাইকেলের জন্য ব্যথিত।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন এবং নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা অনেক কিছু। এই সুযোগটি নিতে সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু দুর্ভাগ্য তার। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। কোলও মৌসুমজুড়ে পারফর্ম করেছে। টি-টোয়েন্টি দলে তার অলরাউন্ড দক্ষতা অনেক অভিজ্ঞতা যুক্ত করেছে। টি-টোয়েন্টিতে বিশেষত বিশ্বকাপে এমন অভিজ্ঞ কাউকে পাওয়া ভালো বিষয়।’

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ১০ উইকেটের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নিউজিল্যান্ড। তাদের সামনে লক্ষ্যটা ছিল ১৭৪ রানের। টানা দুই জয়ের পর আগামী ১৪ ফেব্রুয়ারি মিচেল স্যান্টনারের দলটি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। 

আরআই/টিকে

মন্তব্য করুন