© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাভার্টজের চোটে দুঃশ্চিন্তায় আর্সেনাল

শেয়ার করুন:
হাভার্টজের চোটে দুঃশ্চিন্তায় আর্সেনাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পেশির সমস্যা কাই হাভার্টজ অনুভব করছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের সময়। এরপর ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে ছিলেন তিনি, কিন্তু পিছু ছাড়েনি সমস্যা। এই জার্মান ফরোয়ার্ডকে লম্বা সময়ের জন্য হারানোর শঙ্কায় পড়ে গেছে আর্সেনাল।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে হাভার্টজের চোটে দুঃশ্চিন্তার ভাজ উঠেছে মিকেল আর্তেতার কপালে। কেননা, এই ফেব্রুয়ারিতেই সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলতে হবে তাদের।

ব্রেনফোর্ডের বিপক্ষে শুক্রবার লিগ ম্যাচ আছে আর্সেনালের। এরপর উইগান অ্যাথলেটিকের বিপক্ষে এফএ কাপের ম্যাচ খেলার পর লিগে খেলতে হবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

লিগ টেবিলে এ মুহূর্তে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সবশেষ ম্যাচে ফুলহ্যামকে হারিয়ে আর্সেনালের সাথে ব্যবধান ৩ পয়েন্ট কমিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি।



ঘাড়ের উপর সিটির ফেলা শ্বাস অনুভব করতে পারছেন আর্তেতা। শীর্ষস্থান ধরে রাখতে লিগের বাকি পথচলায় পুরো শক্তির দলই প্রয়োজন তার। কিন্তু এমন সময়ে হাভার্টজকে পাওয়া নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

হাভার্টজকে অবশ্য আর্সেনাল এ মৌসুমে খুব বেশি পায়নি। চোটের কারণে লিগে মাত্র তিন ম্যাচ খেলতে পেরেছেন তিনি। এর মধ্যে লিডস ইউনাইটেড ও সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন শুরুর একাদশে।

সান্ডারল্যান্ডের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছিলেন হাভার্টজ। তাতে আর্তেতার মনেও আশা জেগেছিল জার্মান এই ফরোয়ার্ডকে সেরা ছন্দে ফিরে পাওয়ার, কিন্তু বিধি বাম। এখনও আর্সেনাল আনুষ্ঠানিকভাবে হাভার্টজের চোটের বিষয়টি না জানালেও ইংল্যান্ডের গণমাধ্যমে চাউর হয়ে গেছে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের পেশির চোটের খবর।

টিজে/টিএ  

মন্তব্য করুন