ভেস্তে যাওয়ার শঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচ
ছবি: সংগৃহীত
০৫:৩১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হওয়ারই কথা ছিল না। ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশ বাদ পড়লে তাদের প্রতি সংহতি জানিয়ে হাইভোল্টেজ ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান।
তবে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে যখন ভক্তদের মাঝে উত্তেজনা বিরাজ করছে, তখন আবহাওয়ার পূর্বাভাস তাদের হতাশ করল।
আইসিসি ও পিসিবির রেষারেষি ছাপিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর অপেক্ষায় থাকলেও কলম্বোর আবহাওয়া পণ্ডকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কলম্বোর কোনো ম্যাচেই বৃষ্টি হানা দেয়নি। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী রোববারের ম্যাচের জন্য শঙ্কা জাগানো খবর আছে।

রোববার কলম্বোর আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, এদিন রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যার দিকে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।
ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রাখতে পারে। তবে আশার আলো যে দেখা যাচ্ছে না তা নয়, আবহাওয়া পরিষ্কার হওয়া সঙ্গে সঙ্গে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে।
এসএস/টিএ