ভারত-পাকিস্তান ম্যাচে কাদের এগিয়ে রাখলেন মাইকেল ক্লার্ক?
ছবি: সংগৃহীত
০২:৩৬ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
মাঠের বাইরের নাটকীয়তা শেষে আগামীকাল (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে পক্ষে-বিপক্ষে বাজি ধরতে দেখা যায় ক্রীড়া বিশ্লেষক ও সাবেক ক্রিকেট তারকাদের। অস্ট্রেলিয়ার সাবেক ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে- পাকিস্তানের ওপর এবারও যথারীতি দাপট দেখাবে ভারত।
সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তান একচেটিয়া ম্যাচ হেরে চলেছে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই তিক্ত স্বাদ পেয়েছেন বাবর-শাহিনরা। এ নিয়ে ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ‘এখানে প্রতিদ্বন্দ্বিতা কোথায়’ বলেও প্রশ্ন তুলেছিলেন। চলমান বিশ্বকাপেও ভারত জয়ের ধারা ধরে রাখবে বলে আশা ক্লার্কের।

‘বিয়োন্ড২৩ ক্রিকেট পডকাস্ট’ অনুষ্ঠানে সাবেক এই অধিনায়ক। অবশ্য ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে এই অনুষ্ঠান হয়েছে বলে তার কথায় ইঙ্গিত রয়েছে।
ক্লার্ক বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি- আমার মতে ভারত জিততে যাচ্ছে। লম্বা সময় ধরে ভারতের বিপক্ষে খেলার সময়ে যে চাপ সামলাতে হয় তাতে আবারও পাকিস্তান ব্যর্থ হবে বলে মনে করি। পাকিস্তান এই মুহূর্তে মাঠের বাইরের ইস্যুতে ব্যস্ত। যদিও তারা ম্যাচ খেলবে নাকি খেলবে না সেই আলোচনাও রয়েছে, যা দলের কাউকেই সেই অর্থে সহায়তা করবে না।’
তবে ম্যাচ হলে ভারতই পুরোনো দাপট দেখাবে বলে ধারণা ক্লার্কের, ‘আমি মনে করি ভারতই আধিপত্য দেখাতে চলেছে, তারা নিজেদের সেরা অবস্থায় আছে। পাকিস্তান তার সেরা অবস্থানে নেই এবং তাদের সেটাই প্রয়োজন। তাদের সবচেয়ে ভালো পারফরম্যান্সটা দরকার এবং তাদের জয়ে ভূমিকা রাখতে পারে যদি ভারত কোনো সুযোগ হাতছাড়া করে। সুতরাং- ভারতই পাকিস্তানকে হারাবে। ভারতে খেলার চেয়ে শ্রীলঙ্কায় খেলাটা ভিন্ন। সেখানকার পিচ তুলনামূলক বেশি টার্ন (স্পিনবান্ধব) দেয় এবং নিশ্চিতভাবে বেশি স্লোয়ার থাকে। তাই আমার মনে হয় না এখানে বড় স্কোর দেখা যাবে। সর্বোচ্চ ১৯০ পর্যন্ত গণনা করতে পারি আমি।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অনেক কথা হচ্ছে। পাকিস্তানও একটি ম্যাচ (ইতোমধ্যে দুই ম্যাচ) জিতেছে। ভারতকে দেখে মনে হচ্ছে তারাও (এখন পর্যন্ত দুটিতেই জয়) চমৎকার ফর্মে আছে। এটি সবসময়ই বড় ম্যাচ। সাম্প্রতিক সময়ের মাঠের বাইরের ঘটনা সম্ভবত ম্যাচের রোমাঞ্চ আরও বাড়িয়ে দেবে। বিশ্বকাপ নিয়ে সব আলোচনাও সেই ম্যাচকে ঘিরে (আবর্তিত)।’
আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত ২১ ম্যাচের মধ্যে ভারত ১৭টিতে জিতেছে, পাকিস্তান জিতেছে ৪টিতে। এর মধ্যে বিশ্বকাপে ভারতের রেকর্ড ব্যবধান ১৪-১।
আরআই/টিকে