বাংলাদেশ অংশগ্রহন না করায় ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সকালে এসে দুপুরেই তাঁর চলে যাওয়ার কথা ছিল কলম্বোয়। আইসিসির আমন্ত্রণে আগামীকাল তাঁর দেখার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে আজ আইসিসিকে বুলবুল জানিয়েছেন, তাঁর পক্ষে কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ দেখা সম্ভব হচ্ছে না।
ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে না যাওয়ার বিষয়ে আজ দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আইসিসি আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। আজও ওরা জানতে চেয়েছিল কখন আসছি। যে বিশ্বকাপে আমার দল নেই, সেই বিশ্বকাপে ম্যাচ উপভোগ করতে যেতে পারি না। বিনয়ের সঙ্গে আইসিসিকে জানিয়ে দিয়েছি, আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না।’

ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন।
ক্রিকেটের এই ডিপ্লোমেসিকে বুলবুল নাম দিয়েছেন ‘কাইট ডিপ্লোমেসি’ হিসেবে। লাহোরের সেই গুরুত্বপূর্ণ সভার আগে বসন্ত উৎসবে তাঁর ঘুড়ি ওড়ানোর ঘটনা বেশ নজর কেড়েছিল। সেখান থেকে এসেছে ‘কাইট ডিপ্লোমেসি’।
আইসিসি চেয়েছিল, ১৫ ফেব্রুয়ারি রোববার বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন। তবে বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় বুলবুল সে আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন না।
এসকে/টিএ