© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের সাবেক ক্রিকেটারের দৃষ্টিতে হ্যান্ডশেক না করার সিদ্ধান্তটি হাস্যকর

শেয়ার করুন:
ভারতের সাবেক ক্রিকেটারের দৃষ্টিতে হ্যান্ডশেক না করার সিদ্ধান্তটি হাস্যকর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভারত-পাকিস্তান ক্রিকেট দলের মুখোমুখি লড়াইয়ের আগে হাত মেলানো নিয়ে আলোচনা হবে না, তা কি হয়! এশিয়া কাপজুড়ে এই নাটক মঞ্চস্থ হওয়ার পর আলোচনাটি ঘুরেফিরে এল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের ম্যাচকে সামনে রেখে। ‍দুদল আজ কলম্বোয় মুখোমুখি হচ্ছে।

এ ম্যাচে কি দুদলের ক্রিকেটাররা হাত মেলাবেন? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে দুদলের অধিনায়কের কেউ সদুত্তর দেননি। সালমান আজ ব্যাপারটা দেখবেন বলে জানিয়েছিলেন। সূর্যকুমার যাদব অপেক্ষা করার কথা উল্লেখ করে সাংবাদিকদের ঠিকমতো খেতে ও ঘুমাতে বলেছিলেন।

সম্প্রতি হ্যান্ডশেক ইস্যুতে ইতিবাচকতা দেখা দেয় পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করার পর। পিসিবি এমনি এমনি সিদ্ধান্ত বদলায়নি। জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি তাদের সঙ্গে লম্বা সময় বৈঠক করে ম্যাচ খেলার ব্যাপারে রাজি করিয়েছে। গুঞ্জন আছে, পাকিস্তানের রাজি হওয়ার পেছনে হ্যান্ডশেক ইস্যুও আছে।

হ্যান্ডশেক না করার এই রীতির উদ্যোক্তা ভারত। পহেলগাম হামলার দায় পাকিস্তানের ওপর দিয়ে এমন সিদ্ধান্ত নেয় তারা। এশিয়া কাপের তিন তিনটি ম্যাচের টসের সময় তো করেইনি, ভারত হ্যান্ডশেক করেনি খেলা শেষেও। এটাকে হাস্যকর কাজ বলছেন দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি মনে করেন, হয় খেলাটির চেতনা মেনে খেলা উচিত, নয়তো একেবারেই খেলা উচিত না।

এক্সে এক পোস্টে মাঞ্জরেকার বলেন, এই ‘হ্যান্ডশেক না করা’ ব্যাপারটা একটা হাস্যকর বিষয়, যা ভারত শুরু করেছে। আমাদের মতো একটি দেশের জন্য এটি মোটেও শোভনীয় নয়। হয় খেলাটির চেতনা মেনে সঠিকভাবে খেলুন, না হয় একেবারেই খেলবেন না।’

এবি/টিএ

মন্তব্য করুন