ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করছে পাকিস্তান, আবারও হাত মেলালেন না দুই অধিনায়ক
ছবি: সংগৃহীত
০৮:০৬ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে শুরু থেকেই ছিল বাড়তি উত্তেজনা।
ম্যাচটি আয়োজন নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পাকিস্তান সরকার এক সময় ম্যাচ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসে। মাত্র ছয় দিন আগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় যে ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে, টসকে পাশ কাটিয়ে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘নো হ্যান্ডশেক’ ইস্যু। আরও একবার টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক সালমান এবং সূর্যকুমার যাদব।
ভারতের শুরু করা এই আচরণের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, এটা হাস্যকর এবং তাদের দেশের সঙ্গে বেমানান।
টিএ/