© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান

শেয়ার করুন:
টি-টোয়েন্টিতে ৭০০  উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অপেক্ষা ছিল একটিমাত্র উইকেটের। কিন্তু প্রথম তিন ওভারে সেই সাফল্য পাননি রশিদ খান। অবশেষে নিজের শেষ ওভার করতে এসে তৃতীয় বলে পেলেন সাফল্যের স্বাদ। একইসঙ্গে তিনি উঠে গেলেন ৭০০ উইকেটের চূড়ায়।

ইতিহাসের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার দুপুরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কাঙ্ক্ষিত এই উচ্চতায় পা রাখেন আফগানিস্তানের লেগ স্পিনার।



আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে কোটার শেষ ওভার করতে আসেন রশিদ। তার মিডল স্টাম্পে করা ডেলিভারিতে রিভার্স সুইপের চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি মোহাম্মদ আরফান। উল্টো ফলো থ্রুতে নিজের স্টাম্প এলোমেলো করে দেন ৩২ বছর বয়সী ব্যাটার।

দীর্ঘ ৫১৮ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম কোনো ব্যাটারকে 'হিট উইকেট' করলেন রশিদ। আর সেটিই হয়ে থাকলে তার ৭০০তম উইকেট। ৫১৩ ইনিংসে এই ৭০০ উইকেট নিয়েছেন তিনি। রশিদের ক্যারিয়ার সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট।

এই ৭০০ উইকেট নেওয়ার পথে ৪৮৪ জন ডানহাতি ব্যাটারকে আউট করেছেন রশিদ। আর বাকি ২১৬ জন ব্যাটার বাঁহাতি। সবচেয়ে বেশি ২৭৭ বার ক্যাচ আউট করেছেন তিনি। আর তার বলে ব্যাটাররা বোল্ড হয়েছেন ২২৫ বার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সহসাই কারও পক্ষে ৭০০ উইকেট নেওয়ার সম্ভাবনা নেই। ছয়শর বেশি উইকেট আছে শুধু ডোয়াইন ব্রাভো (৬৩১) ও সুনিল নারিনের (৬১৩)। এরই মধ্যে অবসর নিয়েছে ব্রাভো। নারিনের সামনে সুযোগ আছে ৭০০ উইকেট নেওয়ার।

আরআই/টিকে

মন্তব্য করুন