পাথিরানার বদলি হিসেবে শ্রীলঙ্কার স্কোয়াডে ডাক পেলেন কে?
ছবি: সংগৃহীত
০৮:৩৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মাথিশা পাথিরানার বদলি হিসেবে শ্রীলঙ্কার স্কোয়াডে ডাক পেলেন দিলশান মাদুশঙ্কা।
গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন (১৮ ফেব্রুয়ারি) এই ২৫ বছর বয়সী ফাস্ট বোলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট। দুই দলই এরই মধ্যে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে ম্যাচ চলাকালে নিজের চতুর্থ বলটি করার পর বাম পা চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন পাথিরানা। পরে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং তিনি আর সেই ইনিংসে বোলিংয়ে ফেরেননি।
পরে স্ক্যানে পাথিরানার পায়ের পেশিতে (ক্যাফ) টান ধরা পড়েছে, যা সারতে কয়েক সপ্তাহ লাগতে পারে। তবে এই মুহূর্তে তার আইপিএলে খেলার সম্ভাবনা ঝুঁকির মধ্যে নেই বলে জানা গেছে।
শ্রীলঙ্কার ব্যাটিং কনসালট্যান্ট বিক্রম রাঠোর বুধবার (১৮ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে পাথিরানার চোটের গুরুতরতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'আমার মনে হয় তাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।'

পাথিরানা শ্রীলঙ্কার সেরা ডেথ বোলারদের একজন এবং দ্বীপদেশটির দ্রুততম পেসার। তার বদলি মাদুশঙ্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ উইকেট নিয়েছেন ৩১.৮৬ গড়ে। তার ইকোনমি রেট ৯.৭৫।
মাদুশঙ্কা সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে টি-টোয়েন্টি খেলেছিলেন। সেই ম্যাচে তিনি তিন ওভারে ৪৫ রান দেন। চোটের কারণে সেই বছর আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। পরে ওয়ানডে সিরিজেও ফর্ম খুঁজে পেতে সংগ্রাম করতে হয়েছে তাকে।
২০২৫ সালের শুরুর দিকে পায়ের আরেকটি চোট তাকে প্রায় এক বছর মাঠের বাইরে রাখে। পরে বাংলাদেশ সিরিজে তাকে দলে ডাকা হলেও কোনো ম্যাচ খেলেননি। এরপর জিম্বাবুয়ে সফরে গিয়ে দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেন, কিন্তু আবারও চোট পান- এবার হাঁটুতে।
ম্যাচ ফিটনেসের অভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার শেষ কয়েকটি সফরে সুযোগ পাননি মাদুশঙ্কা। তবে বর্তমান চোট পরিস্থিতি তাকে আবার সুযোগ এনে দিয়েছে। খুব বেশি দিন আগের কথা নয়, ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনি ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন ছিলেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কা পাল্লেকেলেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে, এরপর খেত্তারামায় খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আবার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে।
এসকে/এসএন