ভিনিসিয়ুসকে ‘বানর’ ডাকার অভিযোগ, তদন্ত শুরু উয়েফার
ছবি: সংগৃহীত
০২:০১ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে উয়েফা। ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বেনফিকার মাঠে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়ুস গোলটি করার একটু পরই ঘটনার সূত্রপাত।

রেফারির কাছে ছুটে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেন ভিনিসিয়ুস। খেলা বন্ধ করে দেন রেফারি। মাঠ ছেড়ে যান রিয়ালের খেলোয়াড়রা। খেলা বন্ধ থাকে ১১ মিনিট।
ভিনিসিয়ুস ও তার সতীর্থদের অভিযোগ বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই তেতে ওঠেন ভিনিসিয়ুস ও আশেপাশে থাকা তার সতীর্থরা।
ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিকে পাঁচবার বানর বলেছেন প্রেস্তিয়ান্নি।
বছরের পর বছর ধরে স্পেনের বিভিন্ন মাঠে অনেকবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি প্রকাশ করে লেখেন, ‘বর্ণবাদীরা সর্বোপরি কাপুরুষ।’
অভিযোগ প্রমাণিত হলে ইউরোপীয় প্রতিযোগিতায় অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্তিয়ান্নি। তবে তিনি ম্যাচের পর দাবি করেন, তার কথা ভুল শুনেছেন ভিনিসিয়ুস। উল্টো তিনি অভিযোগ করেন রিয়ালের ফুটবলারদের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘একসঙ্গে তোমার পাশে।’
আরআই/টিএ