© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা

শেয়ার করুন:
রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। ১৭৯ রানের লক্ষ্য চার বল হাতে রেখেই তাড়া করে জয় নিশ্চিত করে তারা।

এই জয়ের নায়ক ছিলেন অধিনায়ক সিকান্দার রাজা। চার নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসটিতে ছিল দুটি চার ও চারটি ছক্কা। ১৭৩.০৮ স্ট্রাইক রেটে করা এই ইনিংস জিম্বাবুয়েকে ম্যাচের নিয়ন্ত্রণে রাখে এবং রান তাড়ায় গতি এনে দেয়।

বল হাতেও পুরো চার ওভারের কোটা পূর্ণ করেছিলেন রাজা। ৩৬ রান দিয়ে অবশ্য পাননি উইকেটের দেখা। তবে এই জয়ের মাধ্যমে সুপার এইটে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান রাজা। এটি ছিল তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০তম ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার যা আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারের মধ্যে প্রথম।



এই কৃতিত্বে রাজা ছাড়িয়ে গেছেন ভারতের বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে। এছাড়া আরেক ভারতীয় রোহিত শর্মার একটি বিশ্বরেকর্ডও ভেঙেছেন রাজা। ৩৯ বছর ৩০১ দিন বয়সে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি ইভেন্টে ম্যাচসেরা হওয়া সবচেয়ে বয়সী অধিনায়ক হয়েছেন। আগে এই বিশ্বরেকর্ড ছিল রোহিতের।

এছাড়া অধিনায়কের হিসেব বাদ দিলে, ৩৯ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার জিতে রাজা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী কোনো ক্রিকেটার হিসেবেও নজির গড়েছেন।

এসএস/এসএন

মন্তব্য করুন