শান্ত-মিরাজদের মাসিক বেতন এখন ৮ লাখ টাকা
ছবি: সংগৃহীত
১০:৩৯ এএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের চুক্তিতে খেলোয়াড়দের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে মোট ২৮ জন ক্রিকেটারকে পাঁচটি ভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, মাসিক ১০ লাখ টাকা বেতনের সর্বোচ্চ 'এ প্লাস' ক্যাটাগরিতে এবার কোনো ক্রিকেটারই জায়গা পাননি।
মাসিক ৮ লাখ টাকা বেতনের 'এ' গ্রেডে সুযোগ পেয়েছেন চারজন তারকা ক্রিকেটার। তাঁরা হলেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং ফাস্ট বোলার তাসকিন আহমেদ। প্রসঙ্গত, তাসকিন গত বছর চুক্তির সর্বোচ্চ 'এ প্লাস' ক্যাটাগরিতে ছিলেন।
সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ ১১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ৬ লাখ টাকা মাসিক বেতনের 'বি গ্রেডে। এই তালিকায় রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং তরুণ পেসার নাহিদ রানা।

মাসে চার লাখ টাকা বেতনের 'সি' গ্রেডে রাখা হয়েছে ছয়জন ক্রিকেটারকে। তাঁরা হলেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।
অন্যদিকে, চুক্তির সর্বশেষ ধাপ অর্থাৎ মাসিক ২ লাখ টাকা বেতনের 'ডি' গ্রেডে সুযোগ পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান।
টিজে/এসএন