নতুন প্রজন্মকে রিল থেকে রিয়েলে ফেরাতে হবে: শাশ্বত চট্টোপাধ্যায়
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
অ্যাকশন, রহস্য আর সামাজিক বাস্তবতার মিশেলে আবার ফিরছে অনিমেষ দত্ত। আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আবার প্রলয় টু। পরিচালনায় রাজ চক্রবর্তী। মুক্তির আগে স্পষ্ট ভাষায় কথা বললেন অনিমেষ চরিত্রের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
অভিনেতার কথায়, দ্বিতীয় পর্বে অ্যাকশন আরও বেশি, আরও দীর্ঘ। বাস্তব জীবনের একাধিক সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনার সূত্র ধরেই তৈরি হয়েছে কাহিনি। সেই ঘটনার শিকড় কোথায় গিয়ে মিশেছে, তা নিয়েই এগোবে সিরিজ। শুটিং হয়েছে নৈহাটি, বারাকপুর এবং স্টুডিও মিলিয়ে।

প্রথম পর্বের সাফল্যের পর প্রত্যাশা যে বাড়বে, তা স্বাভাবিক বলেই মনে করেন শাশ্বত। তাঁর মতে, দর্শকের গ্রহণযোগ্যতাই শেষ কথা। তবে পরিচালক রাজ চক্রবর্তীর উপর আস্থার কথা অকপটে স্বীকার করেছেন তিনি। অ্যাকশন ঘরানায় তাঁকে যে নতুনভাবে ভাবা যায়, তা প্রথম বুঝেছিলেন রাজই। ‘প্রলয়’-এর পর তাঁর কেরিয়ারে যে মোড় ঘুরেছিল, সে কথাও উল্লেখ করেন অভিনেতা।
তবে শুধু সিরিজ নিয়েই নয়, বর্তমান প্রজন্ম ও দর্শক প্রবণতা নিয়েও খোলামেলা মত দেন শাশ্বত। তাঁর মন্তব্য, নতুন প্রজন্ম এখন ছোট পর্দার ক্ষণস্থায়ী ভিডিওতেই বেশি মগ্ন। তাদের আবার বাস্তবের গল্প, বড় পর্দা কিংবা পূর্ণাঙ্গ কাহিনির দিকে ফেরাতে হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে ধারাবাহিকভাবে।
পরিবার প্রসঙ্গেও স্পষ্ট শাশ্বত। তাঁর কন্যা নিজের চেষ্টাতেই পথ তৈরি করেছে, সেখানে তাঁর কোনও প্রভাব নেই বলেই জানান তিনি। ইন্ডাস্ট্রির ভেতরের মতবিরোধ বা কানাঘুষো নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চান না অভিনেতা। তাঁর মতে, যে কোনও যৌথ পরিবারেই যেমন অশান্তি থাকে, শিল্পমহলেও তেমনটা অস্বাভাবিক নয়।
হিন্দি ছবিতেও কাজ করছেন শাশ্বত। অজয় দেবগণের প্রযোজনায় একটি ছবিতে দেখা যাবে তাঁকে। তবে আপাতত মনোযোগ ‘আবার প্রলয় টু’-তেই। কাজ কিছুটা কমিয়ে নিজের জন্য সময় বের করতে চান বলেও জানালেন তিনি।
সব মিলিয়ে অ্যাকশনঘন সিরিজের প্রত্যাবর্তনের আগে শাশ্বতের বক্তব্য যেন একদিকে কাজের আত্মবিশ্বাস, অন্যদিকে সময় ও সমাজ নিয়ে গভীর ভাবনার ইঙ্গিত।
পিআর/টিকে