আমির খানের ভাগ্নের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ!
ছবি: সংগৃহীত
০৯:০৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে আবারও তোলপাড়, তবে ছবির জন্য নয় ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে। ইমরান খান-এর বিরুদ্ধে উঠেছে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ। আর সেই বিতর্কেই প্রথমবার সরব হলেন তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন। প্রসঙ্গত, ইমরান হলেন আমির খান-এর ভাগ্নে।
২০২০ সাল থেকে সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করে এসেছেন ইমরান। কোনও রাখঢাক নয়, একসঙ্গেই নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি একটি ছবির প্রদর্শনীতে একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষ। সম্পর্ককে ‘লভ জিহাদ’ আখ্যা দিয়ে আক্রমণ করা হয় অভিনেতাকে।

এ বার আর নীরব থাকেননি লেখা। এক ভিডিয়ো বার্তায় হাস্যরসের সুরেই কটাক্ষের জবাব দেন তিনি। জানান, তাঁর পরিচয় একরৈখিক নয় বহু সংস্কৃতি, বহু ধর্ম ও বহু ভৌগোলিক শিকড় মিশে রয়েছে তাঁর জীবনে। কিছুটা বার্মিজ়, কিছুটা ইতালীয়, কিছুটা পঞ্জাবি শৈশব কেটেছে দক্ষিণ ভারতে, আবার এক সময় উত্তর ভারতেও। তাঁর বাবা রোমান ক্যাথলিক পরিবারে জন্মালেও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে নিশ্চিত ছিলেন না। পরিবারের অতীতে হিন্দু ও মুসলিম দুই ধারারই উপস্থিতি রয়েছে।
এই বহুমাত্রিক পরিচয়ের প্রেক্ষিতে ‘লভ জিহাদ’ তকমাকে তিনি নিছক অযৌক্তিক বলেই ব্যঙ্গ করেন। লেখার বক্তব্য, তাঁর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে এমন এক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, যার সঙ্গে তাঁর চিন্তাধারার কোনও মিল নেই। তাই পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে রসিকতার সুরেই জবাব দেওয়া প্রয়োজন মনে করেছেন তিনি।
ইমরানের ব্যক্তিগত জীবন আগেও শিরোনামে এসেছে। ২০১১ সালে অবন্তিকা মালিকের সঙ্গে বিয়ে, পরে ২০১৯ সালে বিচ্ছেদ। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। সেই অধ্যায়ের পর নতুন সম্পর্কে ইমরানের পথচলা নিয়েও কৌতূহল ছিল। তবে এ বার কৌতূহল ছাপিয়ে বিতর্কই যেন বড় হয়ে উঠল।
সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে লেখার বক্তব্য স্পষ্ট ঘৃণার বদলে বহুত্বের স্বীকৃতিই তাঁর পরিচয়।
পিআর/টিকে