© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হ্যারি কেইনকে বার্সেলোনায় আনতে ভিলাহোয়ানার প্রতিশ্রুতি

শেয়ার করুন:
হ্যারি কেইনকে বার্সেলোনায় আনতে ভিলাহোয়ানার প্রতিশ্রুতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১৫ মার্চ বার্সেলোনার পরবর্তী ক্লাব সভাপতি নির্বাচন। তার আগে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে জিততে পারলে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাভিয়ের ভিলাহোয়ানা। 

এরই মধ্যে কেইনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করার কথাও জানান অন্যতম শক্তিশালী এই সভাপতি পদপ্রার্থী।

২০২৬ ক্লাব সভাপতি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে চারজন প্রধান প্রার্থীর নাম উঠে এসেছে। তাদেরই একজন বার্সেলোনার সাবেক বোর্ড সদস্য এবং লা মাসিয়ার সাবেক প্রধান ভিলাহোয়ানা।



ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ভিলাহোয়ানা বলেন, 'আমাদের এমন একজন স্ট্রাইকার দরকার, যে খেলায় সংযোগ তৈরি করতে পারবে, আবার বক্সের ভেতরে হবে নিখুঁত ফিনিশার। পাশাপাশি একজন অভিজ্ঞ সেন্টার-ব্যাকও দরকার, যে তরুণদের ভারসাম্য দেবে।'

সেন্টার ফরোয়ার্ড পদের সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি হ্যারি কেইনের নাম উল্লেখ করেন।

"এরই মধ্যে যোগাযোগ করেছি। কেইন আমাদের খেলার ধাঁচের সঙ্গে মানানসই। সে নিচে নেমে খেলায় যুক্ত হতে পারে, আবার খাঁটি নাম্বার নাইন হিসেবেও কার্যকর। গভীরে রক্ষণ গড়া দলের বিপক্ষেও সে ভালো করে।"

কেইন অবশ্য নিজে বার্সেলোনায় যাওয়ার বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি দেননি। গত নভেম্বরে তিনি জানান, বায়ার্ন মিউনিখে ভালো আছেন এবং বর্তমানে অন্য কিছু ভাবছেন না। বায়ার্নের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকলেও ৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ চলতি গ্রীষ্মে কার্যকর হবে।

বায়ার্ন কিংবদন্তি লোথার ম্যাথাউস মনে করেন, কেইন ক্লাব ছাড়বেন না, 'আমি বিশ্বাস করি না সে বায়ার্ন ছাড়বে। অর্থ তার কাছে মুখ্য নয়। পরিবারসহ সে এখানে থিতু হয়েছে।'

তবে ভিলাহোয়ানা মনে করেন, কেইনকে রাজি করানো সম্ভব, 'কেইন বার্সেলোনাকে পছন্দ করে। খুব কম খেলোয়াড় আছে যারা বার্সেলোনাকে পছন্দ করে না।'

এদিকে লা লিগা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। মঙ্গলবার জিরোনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা।

আরআই/টিএ

মন্তব্য করুন