৯ বছর পর পেশাদার বক্সিং রিংয়ে ফিরছেন ফ্লয়েড মেওয়েদার
ছবি: সংগৃহীত
০৬:১৪ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ নয় বছর পর আবারও পেশাদার বক্সিং রিংয়ে ফিরছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। ৪৮ বছর বয়সী এই মার্কিন কিংবদন্তি চলতি বছর চতুর্থবারের মতো অবসর ভেঙে আনুষ্ঠানিক লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন।
প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও এটি হবে ২০১৭ সালের পর তার প্রথম অফিসিয়াল পেশাদার বাউট। ওই বছর এমএমএ তারকা কনর ম্যাকগ্রেগর-কে দশম রাউন্ডে টেকনিক্যাল নকআউটে হারিয়ে নিজের রেকর্ড ৫০-০তে নিয়ে যান মেওয়েদার। এরপরই অবসর ঘোষণা করেন তিনি।
তবে পেশাদার প্রত্যাবর্তনের আগে প্রদর্শনী লড়াইয়ে সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন-এর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেই লড়াইয়ের তারিখ ও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।

এক বিবৃতিতে মেওয়েদার বলেন, ‘বক্সিংয়ে আরও রেকর্ড গড়ার সামর্থ্য এখনও আমার আছে। মাইক টাইসনের বিপক্ষে প্রদর্শনী হোক বা পরবর্তী পেশাদার লড়াই, দর্শকসংখ্যা, বৈশ্বিক সম্প্রচার ও আয়ের দিক থেকে আমার ইভেন্টের চেয়ে বড় কিছু হবে না।’
এর আগে ২০০৭, ২০১৫ ও ২০১৭ সালে অবসর নিলেও বিভিন্ন সময়ে প্রদর্শনী লড়াইয়ে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের আগস্টে জন গট্টি থার্ডের বিপক্ষে রিংয়ে দেখা গেছে মানি মেওয়েদারকে।
তিন দশকের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ওজন শ্রেণিতে ১৫টি বিশ্ব শিরোপা জিতেছেন মেওয়েদার। পে-পার-ভিউ ইতিহাসের সবচেয়ে বেশি আয়ের শীর্ষ তিন ইভেন্টেই ছিলেন তিনি মূল আকর্ষণ যা তাকে ক্রীড়াজগতের অন্যতম ধনী ও প্রভাবশালী বক্সারে পরিণত করেছে।
এমআর/টিকে