দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংল্যান্ডের অধিনায়ক
ছবি: সংগৃহীত
১০:৪৭ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
নিলামের আগেই ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আসন্ন আসর নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
বিবিসি জানিয়েছে, নিলাম থেকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে টানবে না। একই সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও পাকিস্তানিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম বলে জানানো হয়েছে। এমনটা হলে খুবই হতাশ হবেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
দ্য হান্ড্রেডে অংশ নেয় আটটি দল। এর মধ্যে চারটির পূর্ণ বা আংশিক মালিকানায় জড়িয়ে আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। ১০০ বলের টুর্নামেন্টে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস।
আগামী ১১ ও ১২ মার্চ দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের নিলাম হবে।
৪ লাখ ৬৫ হাজার পাউন্ডে (৭ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা) ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসের সঙ্গে চুক্তি করেছেন ব্রুক।
আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এই ব্যাটার। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপরে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড। দ্য হান্ড্রেডে মনোযোগ না থাকলেও পাকিস্তানি ক্রিকেটারদের ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে রাখলেন তিনি।
ব্রুক বলেছেন, ‘আমাদের পুরো মনোযোগ এখন বিশ্বকাপের দিকে। আপাতত দ্য হান্ড্রেড নিয়ে ভাবছি না। তবে বলতেই হয় যে, লম্বা সময় ধরে পাকিস্তান দারুণ একটি ক্রিকেট জাতি। নিলামে ওদের ৫০-৬০ জন ক্রিকেটার থাকে। তাদের কয়েকজনকে দেখতে না পেলে সেটা হবে খুবই হতাশার।’
পাকিস্তানি ক্রিকেটাররা না থাকলে দ্য হান্ড্রেডের মান কমবে বলে মনে করেন ব্রুক, ‘পাকিস্তানের দারুণ সব ক্রিকেটার আছে। ওরা মাঠে দর্শক টানতে সক্ষম। পাকিস্তানের ক্রিকেটারদের কয়েকজন থাকলে এই টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, না থাকলে তা হবে দুঃখজনক।’
এমআর/টিকে