নিজেদের ভাগ্য নিজেরাই লেখতে চান আর্সেনাল কোচ
ছবি: সংগৃহীত
০২:৫৬ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
আর্সেনাল পয়েন্ট হারানোর সঙ্গে সঙ্গে ফিরে আসছে পুরনো আলোচনা। উদাহরণের জন্য খুব বেশি পেছনেও যেতে হচ্ছে না, সবশেষ তিন আসরেই শিরোপার আশা জাগিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েছে মিকেল আর্তেতার দল। এর পুনরাবৃত্তির আলোচনায় যোগ না দিয়ে আর্সেনাল কোচ বলেছেন, নিজেদের ভাগ্য নিজেরা লেখতে চান তারা।
ফুটবলে যারা ভালো লিড থাকার পরও কোনো ম্যাচ বা টুর্নামেন্ট জিততে পারে না তাদের ‘বটলার্স’ বলা হয়। এই তকমা প্রত্যাখ্যান করেছেন আর্তেতা। বলেছেন, তার অভিধানে এই শব্দই নেই।

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ সাত ম্যাচের কেবল দুটিতে জিতেছে আর্সেনাল। ড্র করেছে সবশেষ দুই ম্যাচে। তাতে এক সময়ের ৯ পয়েন্টের ব্যবধান এখন নেমে এসেছে পাঁচে। কার্যত সেটা আরও কম হতে পারে। দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলেছে। নিজেদের ম্যাচে পেপ গুয়ার্দিওলার দল জিতলে স্রেফ ২ পয়েন্টে এগিয়ে থাকবে আর্সেনাল।
জয়ে ফেরার লক্ষ্যে রোববার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। এর আগে সংবাদ সম্মেলনে শিরোপা লড়াইয়ের শেষ পর্যায়ে বারবার খেই হারানো নিয়ে কথা বললেন আর্তেতা।
“এটা আমার শব্দভাণ্ডারে নেই। ব্যাপারটা আমি এভাবে দেখিও না। কারণ, আমি মনে করি না কেউ এটা উদ্দেশ্য নিয়ে করে।”
“এটা ব্যক্তিগত মতামত, দৃষ্টিভঙ্গি। সেটাকে আপনার সম্মান জানাতে হবে। সংবাদ সম্মেলনে আমি সেটাই বলেছিলাম…পরের ম্যাচ, আমাদের সাহস, আমরা কী ভালোবাসি এবং এখান থেকে আমরা কীভাবে নিজেদের ভাগ্য লেখি সেটা নিয়ে খুবই আগ্রহী। ”
লিগ কাপের ফাইনালে পৌঁছেছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগ ও এফ কাপের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫৮। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিটি।
এমআর/টিকে