ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৪:৫৮ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
১৩৫ রানের লক্ষ্যটা বড়ই ছিল বলা যায় বাংলাদেশ ‘এ’ দলের জন্য। ভারতের মেয়েদের বোলিং তোপে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছে ফাহিমা খাতুনের দল। ৪৬ রানে জিতে আবারও এশিয়া কাপ রাইজিং স্টারের চ্যাম্পিয়ন হয়েছে ভারত ‘এ’ দল।
রোববার (২২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে ভারতের বোলারদের সম্মিলিত আক্রমণে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৮৮ রানে অলআউটে হয়েছ স্বপ্নভঙ্গ।
১১ ব্যাটারের ৭ জনই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি বাংলাদেশের। এরমধ্যে একজন ছিলেন কোনো বল না খেলে শূন্য রানে অপরাজিত।
সর্বোচ্চ ২০ রান করেছেন শামিমা সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে শারমিন সুলতানার ব্যাটে। অধিনায়ক ফাহিমা খাতুন করেছেন ১৪ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন প্রেমা রাওয়াত। দুটি করে সোনিয়া মেনধিয়া ও তেনুজা কানওয়ার। একটি করে উইকেট গেছে সাইমা ঠাকুর, মিন্নু মানি ও রাধা যাদবের ঝুলিতে।
এর আগে, বাংলাদেশের মেয়েদের সামনে ১৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতের নারীরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের মেয়েরা। ব্যাট করতে নেমে শুরুতে ভারতের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের মেয়েরা। ৪৪ রানেই তুলে নেয় ভারতের ৪টি উইকেট।
এরপরই ঘুরে দাঁড়ায় ভারতীয় মেয়েরা। তেজাল হাসাবনিস ও রাধা যাদবের ব্যাটে ৭৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় তারা। ৩০ বলে ৩৬ রান করে রাধা যাদব আউট হয়ে গেলেও তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৯ রান করেন দিনেশ ব্রিন্দা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৪ ওভারে ২৫ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও ফাতিমা জাহান।
এমআই/টিএ