© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টি-টোয়েন্টি ক্রিকেট বাবরের জন্য নয়: শোয়েব আখতার

শেয়ার করুন:
টি-টোয়েন্টি ক্রিকেট বাবরের জন্য নয়: শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি ক্রিকেট বাবর আজমের ব্যাটিংয়ের ধরন নিয়ে আলোচনা-সমালোচনা বেশ পুরনো। গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেট এগিয়ে গেলেও এখনো পেছনে পড়ে রয়েছেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে ১৬০-১৯০ স্ট্রাইক রেটে রান তুলতে না পারায় ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। শোয়েব আখতার মনে করেন, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট তার জন্য নয়। মোহাম্মদ হাফিজ চোখে বাবরকে টপ অর্ডারে খেলানো ছাড়া কোনো বিকল্প নেই।

কয়েক মাস আগেই রোহিত শর্মাকে টপকে গেছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক এখন ডানহাতি এই ব্যাটার। ১৪৪ ম্যাচে ৩৯.০৬ গড়ে করেছেন ৪ হাজার ৫৭১ রান। তিনটা সেঞ্চুরির সঙ্গে ৩৯টি হাফ সেঞ্চুরি আছে পাকিস্তানের তারকা ক্রিকেটারের। তবে বাবরের স্ট্রাইক রেট ১২৮.১৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজার রান করেছেন এমন ৬ ব্যাটারের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট তাঁর।



রোহিত, বিরাট কোহলি, জস বাটলার, মার্টিন গাপটিল এবং পল স্টার্লিং-তাদের সবার স্ট্রাইক রেটই ১৩০'র উপরে। আধুনিক ক্রিকেটের সঙ্গে স্ট্রাইক রেট মানানসই না হওয়ায় স্বাভাবিকভাবেই গত এক-দুই বছরে বাবরের ব্যাপক সমালোচনা হয়েছে। এমন ব্যাটিংয়ের জেরে জাতীয় দল থেকে কয়েক মাসের জন্য বাদও পড়েছিলেন। যদিও তাকে আবারও ফেরানো হয়। পাকিস্তান দলে ফিরলেও পুরনো জায়গা থেকে বের হতে পারেননি তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে।

এখনো পর্যন্ত ৫ ম্যাচের ৩ ইনিংসে ব্যাটিং করে মাত্র ৬৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। পাকিস্তানের সাবেক অধিনায়কের স্ট্রাইক রেট ১১৫.৭৮। নামিবিয়ার বিপক্ষে তো তাকে ব্যাটিংয়েই নামানো হয়নি। কদিন আগে মোহাম্মদ ইউসুফ তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। শোয়েব আখতারও মনে করেন, টি-টোয়েন্টিতে জায়গা নেই বাবরের।পাশাপাশি এও পরামর্শ দিয়েছেন, বাবরকে যদি খেলাতেই হয় তাহলে যেন পাওয়ার প্লেতে ব্যাটিং করানো হয়।

'গেম অন হ্যায়' শোতে পাকিস্তানের সাবেক পেসার বলেন, 'প্রথমত, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল, এই ফরম্যাট তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি তাকে খেলাতেই হয়, তবে নিশ্চিত করতে হবে সে যেন প্রথম ৬ ওভারের মধ্যেই ব্যাটিং করে। এটা খুব সাধারণ হিসাব, কোনো মহাকাশবিজ্ঞান নয়।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে এখনো পর্যন্ত ২ হাজার ৯৭৩ রান করেছেন বাবর। তিনে ৩১ বছর বয়সি ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১ হাজার ৩৭২ রান। চারে ৭ ম্যাচ খেলা বাবরের রান ১৮৫। চারটি ভিন্ন পজিশনে ব্যাটিং করা বাবরের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ওপেনিংয়ে। কদিন আগে মাইক হেসন জানিয়েছেন, বাবর শুরুতে ও শেষে দ্রুত রান তুলতে পারেন না। তবে হাফিজ মনে করেন, বাবরকে যদি একাদশে রাখতেই হয় তাকলে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই।

এ প্রসঙ্গে হাফিজ বলেন, 'কোচ (মাইক হেসন) বলছেন বাবর শুরুতে ও শেষে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চারে খেলানো হচ্ছে। আমার কথা পরিষ্কার-বাবরকে যদি একাদশে রাখতেই হয়, তবে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই। চার নম্বর ওর জায়গা নয়।'

আরআই/টিকে

মন্তব্য করুন