© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিষেককে ‘স্লগার’ বলার কারণ জানালেন আমির

শেয়ার করুন:
অভিষেককে ‘স্লগার’ বলার কারণ জানালেন আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলায় তৈরি হওয়া বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি স্বীকার করেছেন, অনেকেই তার এই মন্তব্য পছন্দ করেননি। তবে তিনি বলেন, কাউকে ছোট করা তার উদ্দেশ্য ছিল না।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর একটি পাকিস্তানি টিভি চ্যানেলে কথা বলেন আমির।

আমির আগে মন্তব্য করেছিলেন, বিশ্ব ক্রিকেটে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মার ডিফেন্সিভ টেকনিক যথেষ্ট নয় এবং কঠিন কন্ডিশনে মানসম্মত বোলারদের বিপক্ষে তিনি সমস্যায় পড়তে পারেন। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

এবার আমির বলেন, “আমি একজন বোলারের দৃষ্টিকোণ থেকে তার টেকনিক নিয়ে কথা বলেছি। ‘স্লগার’ শব্দটি ব্যবহার করায় মানুষ কষ্ট পেয়েছে।

কিন্তু আমার উদ্দেশ্য তাকে অপমান করা ছিল না।”



তিনি আরো বলেন, ‘তার টেকনিক এমন যে ভালো বোলারা তাকে ফাঁদে ফেলতে পারে। সে যে ১৪ রান করেছে, সবই এক পাশে খেলেছে। যেসব বল মেরেছে, সেগুলো ছিল খারাপ ডেলিভারি।

কিন্তু যখন কাগিসো রাবাদা ভালো লাইন-লেংথে বল করা শুরু করল, তখন সে মানিয়ে নিতে পারেনি।’

তবে অভিষেকের প্রশংসাও করেন আমির। ‘সে ভালো খেলোয়াড়। টানা তিনটি শূন্য করার পরও তার ইতিবাচক মানসিকতা একই আছে। সে পেছনে সরে যায়নি, ইতিবাচকই থেকেছে।

একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে অভিষেকের উদ্দেশে প্রকাশ্য বার্তাও দেন আমির। তিনি বলেন, ‘আমার বার্তা যদি তার কাছে পৌঁছায়, আমি বলব-আন্তর্জাতিক ক্রিকেটে তোমার টেকনিক ধরা পড়ে যায়। একটু ধৈর্য ধরো, বলের মেরিট অনুযায়ী খেলো, তাহলে আরো ভালো করবে। তার দক্ষতা আছে, এখন সে কিভাবে তা ব্যবহার করবে সেটাই আসল বিষয়।’

গ্রুপ পর্বে পেটের সংক্রমণে ভোগার পর সুপার এইট ম্যাচে ১২ বলে ১৫ রান করেন অভিষেক। একটি ছক্কা ও একটি চার মারলেও দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি ও ভ্যারিয়েশনে অস্বস্তিতে ছিলেন তিনি। শেষ পর্যন্ত মার্কো ইয়ানসেনের স্লোয়ার বলে আউট হন।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। এই বড় পরাজয়ে ভারতের নেট রান রেটেও বড় ধাক্কা লাগে।

তবে টিম ম্যানেজমেন্ট এখনো অভিষেকের পাশে রয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালে ২১ ম্যাচে ৮৫৯ রান করে দলকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন অভিষেক। সহকারী কোচ রায়ান টেন ডুশাট বলেন, কোচিং স্টাফের কাজ হবে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।

ভারত তাদের পরবর্তী সুপার এইট ম্যাচে ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অভিষেক শর্মাকে একাদশে রাখা হয় কিনা।

এমআই/এসএন  

মন্তব্য করুন