বিশ্বকাপে অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডার
ছবি: সংগৃহীত
০১:০১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ফিফা বিশ্বকাপ শুরু হতে আর চার মাসও সময় বাকি নেই। এরই মধ্যে সকল দলগুলো প্রস্তুত হচ্ছে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে দল গোছাতে। তবে ইংলিশ শিবিরে দুঃস্বপ্ন নেমে এসেছে। ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার রুবেন লফটাস-চিকের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইনজুরিতে পড়ে দীর্ঘ দিনের জন্য ছিটকে গেছেন এসি মিলানে খেলা এই তারকা।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) সিরি আ'তে পারমার বিপক্ষে মাত্র দশম মিনিটে মাঠ ছাড়তে হয় লাফটাস-চিককে। পারমার গোলকিপার এদোয়ার্দো করভির সঙ্গে সংঘর্ষ হয় তার। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাবেক এই চেলসি তারকা।
ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লাফটাস-চিকের আঘাতটি গুরুতর। স্কাই স্পোর্টস ইতালিয়া জানিয়েছে, 'উপরের দুটি দাত ভেঙেছে তার। কেটে গেছে মাড়ির উপরের অংশ। পাশাপাশি ইংল্যান্ড তারকা হাড়েও আঘাত পেয়েছেন।'
প্রতিবেদন অনুযায়ী, লাফটাস-চিকের অপারেশনের প্রয়োজন। যার ফলে কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। সবকিছু বিবেচনায় বিশ্বকাপে অংশ নেয়ার ঝুঁকিতে লাফটাস-চিক। অপারেশন ও পুনরুদ্ধারে দীর্ঘ সময় প্রয়োজন হলে তাকে বিশ্বকাপে দেখা যাবে না ইংল্যান্ডের স্কোয়াডে।

৩০ বছর বয়সি লাফটাস-চিক ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের দলে খেলেছেন। তখন গ্যারেথ সাউথগেটের নেতৃত্বে ইংল্যান্ড ১৯৯০ সালের পর প্রথমবার সেমিফাইনালে পৌঁছে। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
লাফটাস-চিক এরপর আন্তর্জাতিক দলে সেভাবে সুযোগ পাননি। তবে টমাস টুখেল তাকে গত বছর থ্রি লাইন্স দলে পুনরায় সুযোগ দেন। এখন তিনি দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।
টিজে/টিকে