আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৯:২৭ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। চলতি বছরের আগস্টে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রকাশ করেছে সেই সিরিজের সূচি।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩–১৭ আগস্ট, ডারউইনে। যেখানে ২০০৪ সালের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২–২৬ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা, ম্যাকাই'তে। যা অস্ট্রেলিয়ার মাটিতে ১২তম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, উত্তর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে পেরে তারা আনন্দিত এবং বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় বোর্ড সন্তুষ্ট।

২০১৭ সালের পর প্রথমবার দুই দল টেস্ট সিরিজ খেলবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে এনিয়ে দ্বিতীয়বার, ২০০৩ সালে দুই দল মুখোমুখি হয়েছিল। ২০২০ সালের মাঝামাঝি সময়ে দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে স্থগিত হয়।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া সদ্য অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে আছে কামিন্সের দল। অপরদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে মাত্র ২টি ম্যাচ খেলেছে টাইগাররা।
টিজে/এসএন