সুযোগ থাকলে রিয়ালের একজন খেলোয়াড়কে বার্সেলোনায় আনতেন পেদ্রি
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
দুই দলের দ্বৈরথ ঐতিহাসিক। মাঠে কেউ কেউকে একচুলও ছাড় দিতে রাজি নয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের কোনো খেলোয়াড়ের প্রশংসা করতে তো আর বাধা নেই। এমনকি রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়কে নিজেদের দল বার্সেলোনাতে দেখারও ইচ্ছা পোষণ করেছেন কাতালান ক্লাবটির তারকা মিডফিল্ডার পেদ্রি।
সম্প্রতি স্প্যানিশ একটি টক শো প্রোগ্রাম এল হরমিগুয়েরো’তে হাজির হন বার্সেলোনার দুই ফুটবলার ফেরান তোরেস ও পেদ্রি। ফুটবল সহ নানান বিষয় নিয়ে আলাপ করেন দুই স্প্যানিশ তারকা ফুটবলার। টক শোতে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের ভূয়সী প্রশংসা করেন পেদ্রি ও তরেস। সুযোগ থাকলে নাকি ফরাসি তারকাকে বার্সাতে নিয়ে আসতেন পেদ্রি।
পেদ্রি বলেন, ‘যদি আমি একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়কে বার্সেলোনায় আনতে পারতাম, তাহলে সেটি হতো কিলিয়ান এমবাপে।’ বার্সায় স্ট্রাইকার পজিশনেই খেলেন তরেস। এরপরও একই জায়গায় খেলা এমবাপেকে কাতালান ক্লাবটিতে দেখতে চান তিনিও।

এমবাপে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ৯২ ম্যাচে ৮২ গোল করেছেন। এরমধ্যে গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকও রয়েছে। ওই ম্যাচে লস ব্লাঙ্কোসরা ৪-২ গোলে হারলেও চেষ্টার কোনো কমতি রাখেননি এমবাপে। রিয়ালের তিনটি গোলই আসে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের নৈপুণ্যে, ওই ম্যাচে ভাঙেন ৩৩ বছরের পুরোনো একটি রেকর্ডও। বার্সার রক্ষণভাগকে ভালোই ভুগিয়েছেন তিনি। এমন একজন খেলোয়াড়কে নিজেদের দলে কে না পেতে চাইবে।
বার্সায় ফ্লিকের কড়াকড়ি নিয়ম নিয়েও কথা বলেন পেদ্রি-তরেস। অনুশীলনে দেরি করায় প্রায়ই জার্মান এই কোচের রোষাণলে পড়তে হয় খেলোয়াড়দের। জুলস কুন্দে, মার্কাস রাশফোর্ড ও ইনাকি পেনা নাকি দলের মিটিংয়ে দেরি করায় ফ্লিকের অন্য রূপ দেখেন। দেরি হলে তারা শুরুর একাদশ থেকে বাদ পড়ার নিয়ম তো আছেই, পাশাপাশি শৃঙ্খলায় হেরফের হলেই নাকি জরিমানাও গুনতে হবে।
বার্সায় ফ্লিকের নিয়ম নিয়ে পেদ্রি বলেন, ‘সময়ানুবর্তিতার ব্যাপারে আমরা কিছুটা পরিবর্তন করেছি। দেরি করলে জরিমানা দিতে হবে। এতে প্রকাশ করা হয়েছে, ম্যাচের দিনে যদি কেউ ১০ মিনিট দেরি করে, তবে তাকে ৪০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।’
এরপর তরেস যোগ করেন, ‘২০ মিনিট দেরি হলে কত টাকা হবে, কল্পনাই করতে পারি না। এখন তো তাকে আইবুপ্রোফেনের (অসুস্থতার) ছবি পাঠিয়ে দিতে পারেন!’
ফ্লিক যখন কুন্ডের সঙ্গে একটি ঘটনার কথা আলোচনা করেছেন, তিনি বলেছিলেন, ‘এক মিনিটের জন্যও দেরি করা মানে তোমার সতীর্থদের প্রতি অসম্মান প্রদর্শন করা।’
কঠিন নিয়মের ফলও অবশ্য হাতেনাতেই পাচ্ছে বার্সেলোনা। ফ্লিক দায়িত্ব নেওয়ার মৌসুমেই ঘরোয়া ট্রেবল জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। চলতি মৌসুমেও এখন পর্যন্ত সবধরনের শিরোপা জয়ের দৌড়ে আছে তারা। লা লিগায় আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
এমআর/টিএ